দক্ষিণ পূর্ব

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম অনুষ্ঠিত

saiful
saiful
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৭:০৭ বিকাল
পঠিত : ৪২
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম অনুষ্ঠিত



ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা চিকিৎসার আধুনিক অগ্রগতি, বৈজ্ঞানিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম ২০২৬’। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অডিটোরিয়ামে ‘হোয়ার সায়েন্স সেভস লাইভস’ (Where Science Saves Lives) প্রতিপাদ্যে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ইনটেনসিভ কেয়ার ইউনিটের উদ্যোগে আয়োজিত এ সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।


সিম্পোজিয়ামে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের বিশিষ্ট ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডা. আনন্দ বি. দিবেকার এবং ইনটেনসিভিস্ট ও অ্যানেসথেটিস্ট ডা. নন্দিতা দিবেকার। তাঁরা ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার বিভিন্ন দিক, আধুনিক চিকিৎসাপদ্ধতি ও নিজেদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার (সিওও) বিনয় কাউল। পরে বক্তব্য দেন হাসপাতালটির মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটের অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. শেখ উল আলম।


প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. আনন্দ বি. দিবেকার। এরপর বক্তব্য দেন সিম্পোজিয়ামের আয়োজক ও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিট ও মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. এ এ এম রাইহান উদ্দীন। দ্বিতীয় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. নন্দিতা দিবেকার।


সিম্পোজিয়ামে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী চিকিৎসকেরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের লিড ফারহানা নাসরিন প্রিয়ম।


প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসাইন বলেন, চট্টগ্রামে আন্তর্জাতিক মানের এমন জ্ঞানভিত্তিক আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরনের উদ্যোগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


অধ্যাপক ডা. এ এ এম রাইহান উদ্দীন বলেন, ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় দ্রুত রোগ নির্ণয় ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে স্থানীয় চিকিৎসকেরা নতুন জ্ঞান অর্জন এবং নিজেদের দক্ষতা সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন।


বিনয় কাউল বলেন, ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় নতুন প্রযুক্তি ও গবেষণার সঙ্গে তাল মিলিয়ে চলা জরুরি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের এ আয়োজন চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।


এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, সংকটাপন্ন রোগীর চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বিশেষজ্ঞদের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সিম্পোজিয়াম চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রোগীকেন্দ্রিক সেবার মানোন্নয়নে ভূমিকা রাখে।


বিশেষ অতিথি ডা. খুরশীদ জামিল চৌধুরী বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চা ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আন্তর্জাতিক সিম্পোজিয়াম চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পারস্পরিক শেখা ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এবং মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট ডা. স্বরূপ দাশসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আধুনিক চিকিৎসাবিজ্ঞানে জীবনসংকটাপন্ন রোগীদের চিকিৎসায় ক্রিটিক্যাল কেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুতর অসুস্থতা, জটিল অস্ত্রোপচার কিংবা দুর্ঘটনাজনিত আঘাতের পর রোগীর অবস্থা স্থিতিশীল রাখতে প্রয়োজন নিবিড় পর্যবেক্ষণ, দ্রুত চিকিৎসা ও বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত উদ্যোগ। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা হালনাগাদের পাশাপাশি বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।