দক্ষিণ পূর্ব

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে হবে: পার্বত্য মন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ১২:৫৭ দুপুর
পঠিত : ৮
পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে হবে: পার্বত্য মন্ত্রী

ছবি

পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

তিনি বলেছেন, পার্বত্য অঞ্চল ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়কর মওকুফ করে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের প্রতি যে ঐতিহাসিক আন্তরিকতা দেখিয়েছেন, তা দেশের ইতিহাসে প্রথম।

শনিবার (২৮ নভেম্বর) খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর ভূমিকা ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকার বা বিএনপির কোনো ব্যক্তিগত বিরোধ নেই। রাষ্ট্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের কিছু চাওয়া-পাওয়ার বিষয় থাকতে পারে। তবে প্রশ্ন হলো, তারা কেন আওয়ামী লীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে?

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মহালছড়ির মুবাছড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল। তিনি সেখানে তিন মাস অবস্থান করেন। বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে বারবার জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পাহাড়ে সাম্প্রদায়িক উসকানি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাচিং প্রু জেরী বলেন, উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী ও কিছু বিদেশি মহল এখানে দাঙ্গা ও সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির উসকানি দেয়। তবে সাধারণ মানুষ এখন অনেক সচেতন। গত নির্বাচনে অর্ধেকের বেশি পাহাড়ি ভোটার তাঁকে ভোট দিয়ে যে আস্থা দেখিয়েছেন, তা প্রমাণ করে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না।

তিনি আরও বলেন, নিজ নিজ কর্মস্থল ও আশপাশের মানুষকে ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।

গভীর রাতে সন্দেহজনক চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, রাত দুইটা-তিনটার দিকে পরিচয়হীন কিছু মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলাচল করে। এ সময় কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে জিজ্ঞাসাবাদ করলে তা থেকে বড় ধরনের সাম্প্রদায়িক ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। গত দুই বছরের বেশি সময় ধরে পাহাড়ি-বাঙালি যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসন ও স্থানীয়দের সজাগ থাকতে হবে।

পার্বত্য অঞ্চলের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে সাচিং প্রু জেরী বলেন, শহীদ জিয়াউর রহমান পাহাড়ের ১১টি এবং সমতলের ৪০টি জাতিসত্তাসহ মোট ৫১টি জাতিসত্তাকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শনে একীভূত করেছিলেন। পার্বত্য মানুষের শিক্ষা, স্বাস্থ্য, শান্তি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনিই প্রথম ‘চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড’ গঠন করেন। এ ছাড়া ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠীকে একত্রিত করে যৌথ খামার প্রতিষ্ঠা এবং পাঁচ একর করে জমি দেওয়ার মাধ্যমে তাদের স্থায়ী আয়ের ব্যবস্থা করেছিলেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পর্যটন খাতের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন মন্ত্রী।

সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।

এ ছাড়া বক্তব্য দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান (এএফডব্লিউসি, পিএসসি), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, ডিজিএফআই কমান্ডার এস এম রেজাউনুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্রসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকেরা।

পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এরপর মানিকছড়ি রাজবাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মানিকছড়ি রাজবাড়ি মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শন করেন। পরে তিনি রামগড় মহামুনি বৌদ্ধবিহারও পরিদর্শন করেন। এ সময় বৌদ্ধবিহারের সার্বিক পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।