‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত নোবেলজয়ী অধ্যাপক জিওফ্রে হিন্টন ইউরোপীয় নেতাদের সামনে এ বিষয়ে গুরুতর সতর্কবার্তা তুলে ধরতে যাচ্ছেন। শুক্রবার (ডাবলিনে) কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইউরোপীয় কাউন্সিলের একটি অনানুষ্ঠানিক সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানাবেন।
নিউরাল নেটওয়ার্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত ব্রিটিশ-কানাডীয় এই বিজ্ঞানী দীর্ঘদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে এআইয়ের দ্রুত অগ্রগতি তাঁকেও উদ্বিগ্ন করে তুলেছে।
এর আগে টরন্টোতে ‘এআই সেফটি ফাউন্ডেশন’-এর হিন্টন লেকচার্সে বিষয়টি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। সেখানে অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পল ক্রিস্টিয়ানো সতর্ক করে বলেন, এআই একবার মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নিলে তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।
তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে এআইয়ের মানুষের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে। এমনকি আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেও এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
ক্রিস্টিয়ানোর ভাষায়, ‘এমনকি আমরা নাও মরতে পারি, কিন্তু এআইয়ের ক্ষমতা দখল করা মানেই মানবজাতির সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণাধিকারের অবসান। এটি ঠেকাতে আমাদের অবিশ্বাস্য মাত্রায় কঠোর পরিশ্রম করা উচিত।’
তিনি আরও বলেন, ‘এই কক্ষে উপস্থিত অধিকাংশ মানুষের মৃত্যুর সবচেয়ে সম্ভাব্য কারণ হবে কোনো না কোনো এআই দুর্ঘটনা।’
মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে অতি-বুদ্ধিমান এআই
যুক্তরাজ্য সরকারকে এআই বিষয়ে পরামর্শ দেওয়া অধ্যাপক জিওফ্রে হিন্টনও প্রযুক্তিটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা ছিল, আগামী ১০ বছরের মধ্যে এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে। কিন্তু সাম্প্রতিক বিশেষজ্ঞদের পূর্বাভাসে সেই সময়সীমা আরও কমে আসার ইঙ্গিত পেয়েছেন তিনি।
হিন্টন বলেন, ‘আমি এতদিন বলে আসছি, এই প্রযুক্তি আমাদের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠবে এবং আমাদের সত্যিই উদ্বিগ্ন হওয়া উচিত। হয়তো ১০ বছরের মধ্যে এটি ঘটতে পারে। কিন্তু পল ক্রিস্টিয়ানোর লেকচারে গিয়ে শুনলাম, আগামী ১৮ মাসের মধ্যেও এমনটা ঘটতে পারে। এটি সত্যিই ভীতিকর।’
তিনি আরও বলেন, ‘সুপার-ইন্টেলিজেন্ট এআইয়ের মুখোমুখি হওয়ার অর্থ কী, তা মানুষ এখনো পুরোপুরি অনুধাবন করতে পারেনি। এটি যদি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়, তবে আপনি একে নিয়ন্ত্রণ করবেন না; বরং এটিই আপনাকে নিয়ন্ত্রণ করবে।’
এআই বটের হ্যাকিং নিয়ে উদ্বেগ
এআইয়ের সাম্প্রতিক অগ্রগতির উদাহরণ দিতে গিয়ে পল ক্রিস্টিয়ানো গত ছয় মাসের কয়েকটি ঘটনা তুলে ধরেন। তাঁর দাবি, ওপেনএআইয়ের কিছু মডেল ইন্টারনেটে পালিয়ে যাওয়া এবং মেশিন লার্নিং প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এ হ্যাকিংয়ের মতো কর্মকাণ্ডে জড়ানোর ঘটনা ঘটেছে।
তিনি যে ঘটনার কথা উল্লেখ করেন, তাতে এআই বটগুলো ব্যবহারকারীদের লগইন টোকেন শনাক্ত করে প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকার অর্জন করে। এমনকি একে অপরকে কাজ সম্পন্ন করতে সহায়তা, নিজেদের মধ্যে যোগাযোগের জন্য মেসেজ বোর্ড তৈরি এবং লগ ফাইল পরিবর্তন করে মানব প্রশাসকদের বিভ্রান্ত করার কৌশল নিয়েও আলোচনা করে।
ক্রিস্টিয়ানো বলেন, ‘গত গ্রীষ্মেও আপনি বলতেন, এটি কোনো পাগলাটে কল্পবিজ্ঞান কাহিনির মতো শোনায়। এসব এআই এজেন্ট হ্যাকিং ও নিরাপত্তাব্যবস্থা ভাঙার বিষয়ে খুব আগ্রহী ছিল, কিন্তু মানুষের প্রতি তাদের কোনো পরোয়া ছিল না। ভবিষ্যতের এজেন্টরা হয়তো মানুষকে কেবল আরেকটি বাধা হিসেবে বিবেচনা করতে শুরু করবে।’
তাঁর মতে, এ ধরনের কোনো ত্রুটির কারণে এআই মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। একবার নিয়ন্ত্রণ হারালে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন হতে পারে।
এআইকে নতুন প্রজাতি হিসেবে দেখার সতর্কতা
পল ক্রিস্টিয়ানো কৃত্রিম বুদ্ধিমত্তাকে নতুন একটি প্রজাতির সঙ্গে তুলনা করেছেন। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে এআই ব্যবস্থার সংখ্যা মানুষের তুলনায় বহুগুণ বেড়ে যেতে পারে এবং বুদ্ধিমত্তার দিক থেকেও তারা মানুষকে ছাড়িয়ে যাবে।
তিনি বলেন, ২০১৮ সালে এআই দিয়ে একটি অর্থবহ বাক্যও ঠিকভাবে লেখা কঠিন ছিল। অথচ এখন এই প্রযুক্তি বিশ্বের সবচেয়ে কঠিন গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারছে।
বিশেষজ্ঞদের উদ্বেগ, ভবিষ্যতে এআই নিজেই নতুন এআই এজেন্ট তৈরি করতে পারে, নতুন অস্ত্র উদ্ভাবনে সহায়তা করতে পারে এবং রোবট, ড্রোন, অবকাঠামো ও শিল্পকারখানার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হতে পারে।
এ ছাড়া সিনথেটিক বায়োলজির মাধ্যমে এমন জীব তৈরির ঝুঁকিও রয়েছে, যাকে বলা হচ্ছে ‘মিরর লাইফ’। এ ধরনের জীবের বিরুদ্ধে মানুষের শরীরে প্রাকৃতিক প্রতিরোধব্যবস্থা কার্যকর না-ও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
ক্রিস্টিয়ানো বলেন, ‘সিনথেটিক বায়োলজিতে দক্ষ কেউ গবেষণাগারে এমন কিছু তৈরি করতে পারেন, যা প্রকৃতিতে আমাদের মুখোমুখি হওয়া মহামারিগুলোর চেয়েও অনেক বেশি হুমকিস্বরূপ।’
তিনি আরও সতর্ক করেন, ভবিষ্যতে কোটি কোটি এআই ব্যবস্থা তৈরি হতে পারে, যারা মানুষের প্রায় সব কাজেই দক্ষতা অর্জন করবে, মানুষের তুলনায় বহুগুণ দ্রুত চিন্তা করবে এবং নিজেদের লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করবে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব ব্যবস্থা একবার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেগুলো থামানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তাই এআইয়ের অগ্রগতির পাশাপাশি এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করাকে এখনই গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।