চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা না করায় ট্রাফিক সার্জেন্ট মো. মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের নির্দেশে তাঁকে বরখাস্ত করা হয়।
গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের দিন বন্দর ট্রাফিক জোনের আওতাধীন সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সের দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল ইসলাম। ওই দিন রাতে পুলিশ বক্সের কাচ ভাঙচুর এবং ভেতরে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়।
এ ঘটনায় মামলা করার নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সেই নির্দেশ পালন করেননি সার্জেন্ট মুজাহিদুল। উল্টো এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি তর্কে জড়ান। পরে তাঁকে বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ২০১৭ সালে ট্রাফিক সার্জেন্ট হিসেবে পুলিশে যোগ দিয়েছিলেন তিনি।
সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও দাপ্তরিক আদেশ অমান্যের অভিযোগে সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মুজাহিদুল ইসলামের জন্মস্থান গোপালগঞ্জ। জেলাটিতে সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে।
এর আগে গত ১৪ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।