বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
গত ১০ নভেম্বর সমিতির নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার আলী মোঃ নুরুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের সময়সূচি ও মনোনয়নপত্র জমা দেওয়ার নিয়ম জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টা। ২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নসংক্রান্ত আপত্তি গ্রহণ, শুনানি, নিষ্পত্তি ও সিদ্ধান্ত গ্রহণের শেষ সময় ৩০ নভেম্বর বিকেল ৪টা। ১ ডিসেম্বর আপত্তি নিষ্পত্তির পর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২ ডিসেম্বর বিকেল ৪টা। ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
নির্বাচনে সমিতির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক, শিক্ষা-সাহিত্য ও সেমিনার সম্পাদক এবং সাধারণ ও সংরক্ষিত নির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্ধারিত ফি দিয়ে নির্বাচন কমিশনারের কাছ থেকে অথবা সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এ জন্য প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। সমিতির কার্যালয়ের ঠিকানা টি এন প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মান্নান প্লাজা, দ্বিতীয় তলা, মসজিদ রোড, জয়দেবপুর, গাজীপুর।
নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের স্থান নির্ধারণ করা হয়েছে জয়দেবপুরের মান্নান প্লাজায় অবস্থিত সমিতির কার্যালয়। ১১ ডিসেম্বর ভোটগ্রহণ শেষে ১৩ ডিসেম্বর (রবিবার) এর মধ্যে নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের সভায় ১০ নভেম্বর নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সমিতির সব সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আলী মোঃ নুরুল হক চৌধুরী।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।