দেশজুড়ে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাকশিল্পে। মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার ক্ষতি হয়েছে প্রায় ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এ সময় ক্রেতারা প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের বাজারমূল্য প্রায় ২৫ কোটি ডলার।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করে সংগঠনটি।
পোশাকশিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে এ জরিপ পরিচালনা করা হয়।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, অস্থিরতার কারণে কোনো কারখানায় এক দিন, আবার কোনো কারখানায় সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে ক্রেতারা বিকল্প দেশ থেকে পোশাক সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে দেশের পোশাকশিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
বিজিএমইএ জানিয়েছে, চলমান অস্থিরতায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ছয় শতাধিক হলেও জরিপে অংশ নিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের চেয়ে কম হতে পারে। পাশাপাশি শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
সংগঠনটির মতে, দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতের স্বাভাবিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।