রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে একাদশ শ্রেণির ক্লাসে মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত দেখে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কলেজটির একাদশ শ্রেণির একটি কক্ষে প্রবেশ করে তিনি এ চিত্র দেখতে পান। এ সময় সারিবদ্ধ ফাঁকা বেঞ্চের মধ্যে এক ছাত্রীকে বসে থাকতে দেখা যায়। দায়িত্বরত শিক্ষক মন্ত্রীকে জানান, ওই শ্রেণিতে ১৯ জন শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও সেদিন উপস্থিত ছিল মাত্র একজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজটির শিক্ষার সার্বিক মান ও পরীক্ষার ফলাফলও সন্তোষজনক নয়। সর্বশেষ এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ২৫৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৬১ জন। সে হিসাবে পাসের হার ২৩ দশমিক ৯২ শতাংশ।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি এবং পরীক্ষার হতাশাজনক ফলাফলের বিষয়ে দায়িত্বরত শিক্ষক ও কলেজ প্রশাসনের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দেন তিনি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।