দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, যানজট নিরসন এবং পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনতে পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের আওতায় এনে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক করিডরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রণীত ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনার অ্যাকশন ম্যাট্রিক্সে এসব উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এতে এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সড়ক করিডর হিসেবে রাখা হয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার এবং রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।
কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যেসব সড়কে যানবাহনের চাপ বেশি, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা রয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, সেসব রুটকে অগ্রাধিকার দেওয়া হবে। ম্যাপিংয়ের মাধ্যমে সম্ভাব্য করিডর, সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে।
পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর পাঁচ বছরের পরিকল্পনায় এই নেটওয়ার্ক সম্প্রসারণ করে দেশের সব জেলার সঙ্গে চার লেনের মহাসড়কভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে পণ্য পরিবহন সহজ করার উদ্যোগ নেওয়া হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাসসকে বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সড়ক যোগাযোগও শক্তিশালী হবে।
তিনি বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।
জাতীয় সড়ক যোগাযোগের পাশাপাশি গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে। প্রথম ছয় মাসে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে দুর্বল যোগাযোগ রয়েছে—এমন এলাকাগুলো চিহ্নিত করা হবে। বিশেষ করে কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চল, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কগুলোতে বড় পরিসরে পাকাকরণ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সহজ হবে। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা গ্রহণের সুযোগ বাড়বে।
অন্যদিকে, অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের স্থায়িত্ব কমে যাওয়া এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন এবং এক বছরের মধ্যে সারা দেশে নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে। যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে। প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপর নতুন সেতু নির্মাণের উদ্যোগও রয়েছে। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু উল্লেখযোগ্য। প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু ও দ্বিতীয় পদ্মা সেতু (পাটুরিয়া-দৌলতদিয়া) নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এক বছরের মধ্যে এ দুটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, পুরো করিডরের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে। কোথায় নতুন সড়ক প্রয়োজন, কোথায় বিদ্যমান মহাসড়ক সম্প্রসারণ করা সম্ভব এবং কোথায় নতুন সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, তা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।
তিনি বলেন, এক্সপ্রেসওয়ের নকশা, নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
পরিকল্পনায় নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা এবং দুর্ঘটনা কমাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে। নেতৃত্বে থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, বিআরটিএ, বিআরটিসি ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।
তবে এ পরিকল্পনা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বিপুল অর্থায়ন, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়। পাশাপাশি নতুন সড়ক ও সেতু নির্মাণের সঙ্গে বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও জরুরি।
বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা গুরুত্বপূর্ণ। তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে কোন রুটে কী পরিমাণ যানবাহন চলাচল করে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে পরিবহন চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই যানজটের সমাধান হবে না। সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় থাকতে হবে। নতুন সড়ক নির্মাণের পরও পরিকল্পনাহীন সংযোগ, বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তৈরি হতে পারে। তাই এক্সপ্রেসওয়ের পাশাপাশি সংযোগ সড়ক এবং নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সরকারের ২০২৬-২০৩১ মেয়াদের কর্মপরিকল্পনার সঙ্গে এসব উদ্যোগ সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে উন্নত সড়ক যোগাযোগব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।