দক্ষিণ পূর্ব

গোপালগঞ্জ কারাগারে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিলো ছাত্রলীগ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ ০৮:১১ সকাল
পঠিত : ৫৯
গোপালগঞ্জ কারাগারে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিলো ছাত্রলীগ

ছবি

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার ছিনিয়ে নিয়ে সেটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। খাবার সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শনের পর এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফরা পথে বাধার মুখে পড়েন।
বিবৃতিতে দাবি করা হয়, একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়। পরে সেই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করা হয়।
এতে আরও বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খাবার সরবরাহের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
বাহিনীর দাবি, প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
বিবৃতিতে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা জানিয়ে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে বাহিনী।আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।