দক্ষিণ পূর্ব

জিয়াউল আহসানের বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ব্যানার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০৫:৩৮ সকাল
পঠিত : ৩১
জিয়াউল আহসানের বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ব্যানার


বরিশাল নগরীতে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও নামফলক টাঙিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সঙ্গে বাড়িটির সামনে পোস্টার লাগিয়ে তাঁর বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের বিচার দাবি করেছেন তাঁরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীতে জিয়াউল আহসানের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ফিরোজা বেগম জানান, তাঁর দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাঁদের কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল এবং কেন তাঁদের নিখোঁজ করা হলো—এসব প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের ছবি হাতে নিয়ে তাঁদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন তিনি।

কর্মসূচির একপর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয়। কালি দিয়ে মুছে দেওয়া হয় বাড়িটির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। এ ছাড়া বাড়ির সামনে জিয়াউল আহসানের হাতে নিহত ও গুমের শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানার টাঙানো হয়।

ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তাঁরা। তাঁদের দাবি, ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিযুক্ত জিয়াউল আহসানের ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে।

মামলার অভিযোগ ও বিচার

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাঁকে সিরিয়াল কিলার হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের পর গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।