দীর্ঘদিনের অচলাবস্থা ও প্রশাসনিক সংকট কাটিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে এবার প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। দ্রুত উপাচার্য নিয়োগ ও প্রশাসনিক সংকটের সমাধানের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বাসে করে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে পৌঁছে দীর্ঘদিন ধরে সংকটের সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা ‘আমরা কী চাই? সমাধান, তোমরা কী চাও? সমাধান’, ‘চুয়েট কী চায়? সমাধান’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’ এবং ‘প্রহসনের ভিসি, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজসহ বিভিন্ন জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতনও বন্ধ রয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
শিক্ষার্থীদের পক্ষে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আপনারা আমাদের ক্লাসে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে এবং সরকারের যাঁরা নীতিনির্ধারক রয়েছেন, তাঁদের সবার কাছে আমাদের আবেদন, আমরা এই মুহূর্তে একজন ভিসি চাই। আমাদের প্রশাসনিক সমাধানটা করে দিন। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।’
কর্মসূচিতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষাকার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাঁদের মূল লক্ষ্য। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের না থাকলেও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে কার্যকর সমাধানের পথ তৈরিতে তাঁরা কাজ করছেন।
তিনি জানান, এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতাদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে শেষ হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।