রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন ও আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াত মুনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।
এদিকে, আটকের পর শাখাওয়াত মুনকে জিজ্ঞাসাবাদের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন তাঁকে ঘিরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন। এ সময় উপস্থিত ব্যক্তিদের ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে একজন তাঁর কাছে নাশকতার পরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে শাখাওয়াত মুন বলেন, তিনি বর্তমানে ওএসডি অবস্থায় আছেন।
ভিডিওতে আরও দেখা যায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এক ব্যক্তি তাঁকে চড় মারেন। পরে তাঁকে কান ধরতেও বাধ্য করা হয়।
অন্য একটি ভিডিওতে চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেনকে পুলিশ ভ্যানে তোলার পর মারধর করতে দেখা যায়। এ সময় উপস্থিত কয়েকজনকে মারধর না করার জন্য বলতে শোনা যায়।
তবে তাঁদের আটকের সুনির্দিষ্ট কারণ এবং তাঁদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।