দক্ষিণ পূর্ব

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘সুনামের সঙ্গে কাজ করবেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন’

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ ০১:৫১ দুপুর
সর্বশেষ আপডেট : ২ দিন আগে
পঠিত : ৪২
‘সুনামের সঙ্গে কাজ করবেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন’

ছবি

সরকারি উদ্যোগে শূন্য অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায় জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন- এই আশা করি।’

বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিরা যেন দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ১১২ জন কর্মীকে নির্বাচন করা হয়। তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য।

নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে। অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি। ফলে কর্মীদের বিদেশ যেতে কোনো অর্থ ব্যয় করতে হবে না।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। ওই বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।