দক্ষিণ পূর্ব

‘মাইগ্রেন সারাতে’ বাসায় যাওয়ার প্রস্তাব, সেই ওসিকে প্রত্যাহার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০৪:২৭ দুপুর
পঠিত : ৬৫
‘মাইগ্রেন সারাতে’ বাসায় যাওয়ার প্রস্তাব, সেই ওসিকে প্রত্যাহার

ছবি

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীর আপত্তিকর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাঁকে থানা থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাইফুল ইসলাম। তিনি জানান, আপাতত ওসি ফয়জুল আজিম নোমানকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফাঁস হওয়া ফোনালাপটি পরীক্ষা-নিরীক্ষা করে বিভাগীয় তদন্তসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাজকিয়া তানিন সনির সঙ্গে ওসি ফয়জুল আজিম নোমানের কথোপকথনের একটি অডিও মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় পুরো কথোপকথনজুড়েই মামলা, কারাবাস, আর্থিক লেনদেন, পারিবারিক হয়রানি ও পুলিশের ভূমিকা নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত আলোচনা শোনা যায়। এর মধ্যেই ওই নারী নেত্রীকে অন্তরঙ্গ সময় কাটানোর ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। এমনকি মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে তাঁকে নিজের বাসায় যাওয়ার পরামর্শ দিতেও শোনা যায়।

ফোনালাপে তাজকিয়া তানিন সনি দাবি করেন, একটি মামলায় তাঁকে কারাগারে যেতে হয়েছে। জামিন পেতে দুই লাখ টাকা ব্যয় হয়েছে। সাধারণ মামলা দেওয়ার শর্তে জনৈক হাসনাত তুহিনের মাধ্যমে ওসিকে দুই লাখ টাকা দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এ ছাড়া ওই ঘটনায় তিনি প্রায় আড়াই লাখ টাকা দেনার মধ্যে পড়েছেন বলে জানান।

কথোপকথনে তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হয়রানি এবং হুমকি দেওয়ার অভিযোগ তোলেন সনি। এ বিষয়ে একাধিকবার থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। তাঁর বোনকে মারধরের চেষ্টা এবং ফোনে গালিগালাজের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

একপর্যায়ে নিজের আর্থিক সংকট, সন্তানদের ভবিষ্যৎ এবং পরিবারের অসুস্থ সদস্যকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওই নারী নেত্রী। আর্থিক দায় থেকে মুক্তি পেতে কিডনি বিক্রি করে টাকা পরিশোধের কথাও বলতে শোনা যায় তাঁকে।

অন্যদিকে, ওসি ফয়জুল আজিম নোমানকে ওই নারী নেত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলার পরামর্শ দিতে শোনা যায়। রাজনীতি, স্বার্থ ও অর্থের বিষয় বিবেচনার বাইরে রেখে যোগাযোগ রাখার কথাও বলেন তিনি। কথোপকথনটি প্রকাশ্যে এলে তাঁর পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওসি।

ফোনালাপে থানার ভেতরে সরকারি বাংলোয় তিনি একা থাকেন উল্লেখ করে সনিকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানানোর বিষয়টিও উঠে আসে। একপর্যায়ে বাংলোর অবস্থান এবং সেখানে যাওয়ার পরিবহনব্যবস্থা নিয়েও কথা বলেন তিনি। এ ছাড়া যুবলীগ নেতা পারভেজ সাবেক ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিকের হেফাজতে রয়েছেন বলেও কথোপকথনে উল্লেখ করা হয়।

ফোনালাপের অন্য একটি অংশে তাসলিফ নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং দুই লাখ টাকা লেনদেনের বিষয়টি গোপন রাখার প্রসঙ্গ তোলেন সনি। একই সঙ্গে তাঁর স্বামী যুবলীগ নেতা পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে ওসি ফয়জুল আজিম নোমান ওই নারী নেত্রীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে এবং নাশকতার পরিকল্পনায় কারা জড়িত, সে বিষয়ে তথ্য জানতেই ওই নারীকে থানায় আসতে বলেছিলেন তিনি।

অন্যদিকে, তাজকিয়া তানিন সনির অভিযোগ, তাঁকে থানার ভেতরে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন ওসি। এক রাত থানায় অবস্থানের সময় তাঁকে মোবাইলফোন ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সনি। ভবিষ্যতে যেন অন্য কোনো নারীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য ঘটনার যথাযথ বিচার চান তিনি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।