দক্ষিণ পূর্ব

সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০৫:৫৭ বিকাল
পঠিত : ৪৮
সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ছবি

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর হামলাকে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, এ ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবে।


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগরের নয়া বাজার বিশ্বরোড মোড়ে সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম-১০ আসন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শাহাদাত হোসেন বলেন, সমাবেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয় না। দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা এখনো ঐক্যবদ্ধ ও সক্রিয় রয়েছেন। বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। যারা মনে করছেন, ক্ষমতায় আসার পর বিএনপির নেতাকর্মীরা আর রাজপথে থাকবেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় রাজপথে থাকবে।


ডিসেম্বর মাসের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মহান বিজয় দিবস সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পুরো ডিসেম্বরজুড়ে বিজয় উৎসব, বিজয় র‌্যালি ও বিজয় মেলার আয়োজন করা হবে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকারপ্রধান হয়েছেন। তাই জনগণের রায় ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।


বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে আত্মগোপনে থেকে মিছিল করার পরিবর্তে সাহস থাকলে প্রকাশ্যে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করা উচিত। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং তাদের মুখোমুখি হতে হবে।


প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাঈদ আল নোমান রাতের ভোটে নির্বাচিত কোনো সংসদ সদস্য নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণের প্রত্যাখ্যানের মুখে যারা দেশ ছেড়ে চলে গেছে, তাদের ফিরে আসা নিয়ে নানা তৎপরতা নতুন করে ক্ষোভ সৃষ্টি করছে। দেশের মানুষের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন।


চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন।


এতে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এস কে খোদা তোতন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপ্টি, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, বিএনপি নেতা হাজী বাবুল হকসহ চট্টগ্রাম-১০ আসনের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেন ও মোহাম্মদ আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে শুরু হয়ে বড়পোল মোড়ে গিয়ে শেষ হয়।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।