চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় চাঁদাবাজির অর্থ আদায় ও ভাগবাটোয়ারা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তাঁর দাবি, থানা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে চাঁদাবাজির টাকা ভাগ হয়। বাসস্ট্যান্ড, ফুটপাত, হকার মার্কেট, ট্রাকস্ট্যান্ড, বালুমহাল, জুয়ার আসর ও মাদক ব্যবসাসহ বিভিন্ন খাত থেকে এসব অর্থ আদায় করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব অভিযোগ করতে শোনা যায় নাজিমুর রহমানকে।
ভিডিওতে তিনি বলেন, কোনো থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগ দেওয়ার পরপরই চাঁদাবাজির উৎসগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়। ওসি কিংবা উপপরিদর্শক (এসআই) বদলি হলেও থানার কথিত ‘ক্যাশিয়ার’ পরিবর্তন হয় না। নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর ওই ক্যাশিয়ারকে ডেকে বিভিন্ন খাত থেকে কী পরিমাণ অর্থ আদায় হয়, তার হিসাব নেন।
নাজিমুর রহমানের অভিযোগ, নতুন ওসি তাঁর বিশ্বস্ত সেকেন্ড অফিসারকে পুরো থানা এলাকায় পাঠিয়ে চাঁদাবাজির উৎসগুলোর তালিকা তৈরি করান। ওই তালিকায় বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, ফুটপাত, হকার মার্কেট, ট্রাকস্ট্যান্ড, বালুমহাল, জুয়ার আসর ও ইয়াবা ব্যবসার মতো খাত থাকে। পরে এসব উৎস থেকে মাসে কত টাকা আদায় হবে এবং কার ভাগে কত যাবে, তা নির্ধারণ করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রাম মহানগরে ‘চট্টগ্রাম জেলা’ লেখা নম্বরপ্লেটযুক্ত অবৈধ টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের বিনিময়েও অর্থ আদায় করা হয়। সেই টাকা স্থানীয় রাজনৈতিক নেতা ও থানা পুলিশের মধ্যে ভাগ হয়।
নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আগে ইয়াবা ও মাদক ব্যবসায়ীরা বিগত সরকারের স্থানীয় ও তৃণমূল পর্যায়ের নেতাদের চাঁদা দিতেন। এখন সেই অর্থ বিএনপির স্থানীয় নেতাদের পকেটে যাচ্ছে। এসব টাকা সরকারি কোষাগারে জমা না হয়ে একটি অদৃশ্য সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে।
থানা পুলিশের মাধ্যমে এসব অপরাধ দমন কঠিন উল্লেখ করে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও এসআরবি কমান্ডারের প্রতি বিশেষ আহ্বান জানান। তাঁর প্রস্তাব, সাধারণ থানা পুলিশের বাইরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য একটি স্বতন্ত্র বিশেষ বাহিনী গঠন করা প্রয়োজন।
চাঁদাবাজি ও অপরাধ দমনে রাজনৈতিক নেতৃত্বসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নাজিমুর রহমান বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে হলে সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠতে হবে। রাজনৈতিক নেতৃত্বে থাকা ব্যক্তিদের সৎ ও দায়িত্বশীল হতে হবে।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক পরিচয় বিবেচনা করা উচিত নয়। অপরাধী নিজের ভাই হলেও তাকে আইনের আওতায় আনতে হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।