দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা টনি অ্যাকারম্যানকে ১৫০ রানে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। ডাবল সেঞ্চুরির পথে থাকা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।
আগের দিনের ৪৬ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন অ্যাকারম্যান। ৬১ বলে অর্ধশতক পূর্ণ করার পর পরের ৫০ রান করতে খেলেন মাত্র ৫০ বল। ১১১ বলে সেঞ্চুরি তুলে নেওয়া এই ব্যাটার লাঞ্চের আগেই পৌঁছে যান দেড়শ রানে।
শেষ পর্যন্ত ৪৪তম ওভারে শরিফুল ইসলামের করা ফুলটস সরাসরি অ্যাকারম্যানের প্যাডে আঘাত হানে। লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ব্যাটার রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি। ১৩৮ বলে ১৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, ৩৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫১ রান। ৮ উইকেট হাতে রেখে স্বাগতিকরা এগিয়ে ছিল ৬০ রানে। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৯১ রান করেছিল।
এর আগে এক উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও সাবলীল ব্যাটিং করছিলেন প্রোটিয়া ব্যাটাররা। দিনের শুরুতে বাংলাদেশি পেসাররা তেমন সুবিধা করতে পারেননি। ফলে প্রথম উইকেট পেতে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়।
অবশেষে ৯৬ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় বলে গুড লেংথে করা তার ডেলিভারিতে ভালোভাবে খেলতে পারেননি জুবায়ের হামজা। বল ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাড হয়ে গালিতে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা মাহফিজুল ইসলাম রবিন সহজেই ক্যাচটি তালুবন্দি করেন। ৬১ বলে ২৭ রান করে ফেরেন হামজা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।