দক্ষিণ পূর্ব

সড়কে ঝরল ৪ প্রাণ

কর্ণফুলীতে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের ইউটার্ন এখন মরণফাঁদ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩০ দুপুর
পঠিত : ৭৩
কর্ণফুলীতে চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কের  ইউটার্ন এখন মরণফাঁদ

ছবি

কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কনের ভাই-বোন ও মামা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। 

শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাসিন্দা কনের ছোট বোন মিমতাহ (১৭), ভাই নিয়াজ মোর্শেদ (২২), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।

নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও স্বজনেরা মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাঁওয়ের বাড়িতে ফিরছিলেন।নিহত ফেরদৌস আলমের পরিবারের সদস্য মো. ওমর ফারুক বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের লোকজন ও স্বজনেরা মাইক্রোবাসে করে কক্সবাজারে ফিরছিলেন। পথে কর্ণফুলী এলাকায় পৌঁছালে তাদের মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ জানায়, শিকলবাহা এলাকা অতিক্রম করার সময় একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিমতাহ ও তার মামা ফেরদৌস আলম মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাসের চালক মো. মুন্না ও নিয়াজ মোর্শেদকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।