নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এস এম বশির উদ্দিনের বদলি নিয়ে প্রকাশিত কয়েকটি সংবাদকে ‘ভিত্তিহীন ও মানহানিকর’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার নেতাদের স্বাক্ষরিত এক যৌথ প্রতিবাদপত্রে এ অবস্থান তুলে ধরা হয়।
প্রতিবাদপত্রে ড্যাব নেতারা বলেন, বশির উদ্দিনের বদলি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালীর বিরুদ্ধে তদবির ও প্রভাব খাটানোর অভিযোগ করা হয়েছে। অথচ এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
তাদের দাবি, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথভাবে তথ্য যাচাই করা হয়নি। এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্যও নেওয়া হয়নি। ফলে প্রমাণ ছাড়া দুজনের নাম সংবাদে উল্লেখ করায় তাদের সামাজিক, পেশাগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।
ড্যাবের নেতারা বলেছেন, বশির উদ্দিনের বদলি বাতিল বা বহাল রাখার বিষয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী কোনো ধরনের তদবির, সুপারিশ কিংবা প্রভাব বিস্তার করেননি।
ড্যাব নেতারা আরও বলেন, এস এম বশির উদ্দিনের বদলি-সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের সঙ্গে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালীর কোনো সম্পৃক্ততা নেই। তাদের বিরুদ্ধে তদবির বা প্রভাব বিস্তারের যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
প্রতিবাদপত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত সংবাদ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একই গুরুত্ব ও প্রাধান্য দিয়ে প্রতিবাদ বা সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছে ড্যাব। অনলাইন মাধ্যমে প্রকাশিত ‘আপত্তিকর’ সংবাদ অপসারণেরও দাবি জানানো হয়েছে।
অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।
প্রতিবাদপত্রে স্বাক্ষর করেন ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দীন ও সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. তমিজউদ্দিন আহমেদ মানিক, ড্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন এবং সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম লিটন।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।