দক্ষিণ পূর্ব

বিআরটিএসহ সরকারি দপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৭ সকাল
পঠিত : ৭০
বিআরটিএসহ সরকারি দপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিআরটিএসহ বিভিন্ন সরকারি দপ্তর ও কর্মকর্তাদের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, হয়রানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল, চট্টগ্রাম মহানগর (রেজি. নং-বি-২০৭৫)।

সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সংগঠনটির নেতারা অভিযোগ করে বলেন, একটি মহল নিজেদের অনৈতিক সুযোগ-সুবিধা হাসিলে ব্যর্থ হয়ে সরকারি দপ্তর ও দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে মনগড়া তথ্য ও বেনামি অভিযোগপত্র ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এর মাধ্যমে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার পাশাপাশি বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, ‘বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন’-এর সভাপতি মো. শিপন ও সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিনের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কোনো সম্পর্ক নেই। তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংগঠনের নাম ব্যবহার করছেন বলেও অভিযোগ করা হয়।

এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ডের দায় সংগঠনের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। একই সঙ্গে সরকারি কর্মকর্তা ও দপ্তরের বিরুদ্ধে উত্থাপিত যেকোনো অভিযোগ যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, কোনো ধরনের অভিযোগ বা তথ্য প্রকাশের আগে এর সত্যতা যাচাই করা জরুরি। ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান তারা।

একই সঙ্গে কোনো ধরনের বাহ্যিক চাপ বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপপ্রচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল, চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ রাকিব উদ্দিন। এতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (১)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।
Rakibulislam ১ দিন আগে
অসংখ্য ধন্যবাদ
উত্তর দিন
আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।