দক্ষিণ পূর্ব

স্বাধীন গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র বিকশিত হবে না: ডিইউজে সভাপতি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০১ সকাল
পঠিত : ৪০
স্বাধীন গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র বিকশিত হবে না: ডিইউজে সভাপতি

ছবি-দক্ষিণপূর্ব

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বলেছেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র বিকশিত হবে না। গত ১৫ বছর দেশে সাংবাদিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি। ওই সময়ে সাংবাদিকদের একটি অংশ সংবাদমাধ্যমকে আওয়ামী লীগের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামে দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একপক্ষীয়ভাবে গণমাধ্যম পরিচালনা করা হয়েছিল। জুলাই বিপ্লবের পর দেশের সংবাদমাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

তিনি বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে দেশে গণতন্ত্র কখনো বিকশিত হবে না। এতে জনগণ ন্যায়বিচার থেকেও বঞ্চিত হবেন। তাই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম এবং জাতীয় পার্টির নগর আহ্বায়ক আবু তাহের।

এসআই/আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।