দক্ষিণ পূর্ব

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ১২:৫৫ দুপুর
পঠিত : ৩৮
আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ

ছবি

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত মেগা ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। পরে তিনি টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি উপস্থিত ছিলেন।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে তারিক রহমান ৩৫, মাসুম উদ্দিন ২৫ ও এ কে রানা ২২ রান করেন। ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশের হয়ে সামশুদ্দীন বাপ্পা ২৪ রানে ৩টি এবং ইফরান হোসাইন ১৫ ও সাজ্জাদ হোসাইন ২৮ রানে ২টি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে নেয় ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। দলের পক্ষে আবদুল্লাহ জিসান ৪১ বলে ৪৪, তুহিন ২৬ বলে ৪৩ এবং সাজ্জাদ হোসাইন ১০ বলে অপরাজিত ৩০ রান করেন। সন্দ্বীপ ক্রিকেট একাডেমির হয়ে রানা ৩১ ও রাতুল ইরফান ৪১ রানে ২টি করে উইকেট নেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দুই দলকে অভিনন্দন জানান।

বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে সবাইকে এগিয়ে যেতে হবে। ফুটবলের পর ক্রিকেটের এমন জমজমাট টুর্নামেন্ট আয়োজন করায় দেশ রক্ষা তারেক মঞ্চকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজন যত বাড়বে, তরুণ প্রজন্ম খেলাধুলায় তত বেশি উৎসাহিত হবে। খেলাধুলার মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ করা সম্ভব।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শহীদুল্লাহ বাহার, নাসির উদ্দিন চৌধুরী নাসিম ও হাবিবুর রহমান চৌধুরী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহীন পাটোয়ারী ও আব্দুল হামিদ পিন্টু; সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের আবদুল্লাহ জিসান। আসরে ২৩৯ রান করে তিনি এ স্বীকৃতি পান। ১২ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন একই দলের সাজ্জাদ হোসাইন। ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন সাজ্জাদ।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে আকর্ষণীয় ট্রফির পাশাপাশি যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির জন্য ছিল ক্রেস্ট ও প্রাইজমানি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে হাজারো সংগীতপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠে জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্স ও জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ সংগীত পরিবেশন করে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।