পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: ডা. শাহাদাত
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ১২:৪৬ দুপুর
পঠিত :
৩৫
পবিত্র আল-কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, শুধু পবিত্র কোরআন আরবিতে তিলাওয়াত করলেই হবে না, এর অর্থ ও মর্মবাণী অনুধাবন করে জীবনে ধারণ করতে হবে। একইভাবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও হাদিসের শিক্ষাও আত্মস্থ করতে হবে। শিশুদের কোরআন ও সুন্নাহর আলোকে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও টেকসই সমাজ প্রতিষ্ঠা সম্ভব।শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরের আগ্রাবাদ আবদুল্লাহ কনভেনশন হলে হাকিমুল উম্মাহ আদর্শ বালক-বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চসিক প্রশাসক বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই শৈশব থেকেই তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। কোরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার পাশাপাশি সমাজের অন্যদের মধ্যেও এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমেই আদর্শ সমাজ গঠন করা সম্ভব।তিনি বলেন, বর্তমানে সমাজে নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোর গ্যাং এবং ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার উদ্বেগজনক। এসব সামাজিক ব্যাধি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে শিশুদের সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তাদের মধ্যে ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা এবং ভালো-মন্দের পার্থক্য বোঝার সক্ষমতাও তৈরি করতে হবে।শিক্ষার্থীদের উদ্দেশে ডা. শাহাদাত বলেন, যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছে, তাদের অভিনন্দন জানাই। তবে যারা এবার পুরস্কার পায়নি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকের মধ্যেই নিজস্ব মেধা ও প্রতিভা রয়েছে। অধ্যবসায়, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসের মাধ্যমে তারাও ভবিষ্যতে সাফল্য অর্জন করতে পারবে। জীবনে সফল হতে হলে প্রতিযোগিতার পাশাপাশি জ্ঞান অর্জন, নৈতিকতা ও ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ কার্যক্রমকে আরও উৎসাহিত ও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।এ সময় সিডিএ আবাসিক এলাকায় মাদ্রাসার জন্য স্থায়ী ভবন নির্মাণে জায়গা বরাদ্দের আবেদন জানানো হলে ডা. শাহাদাত বলেন, এ বিষয়ে সিডিএ কর্তৃপক্ষের কাছে ডিও লেটারের মাধ্যমে জায়গা বরাদ্দে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম এম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর, আকোয়ার সভাপতি এস মোস্তফা আলম সরকার, সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন, সহসভাপতি প্রকৌশলী ফারুক আহমেদ এবং মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য তরিকুল ইসলাম তানভীর।এ ছাড়া অনুষ্ঠানে বৃহত্তর আগ্রাবাদের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন, মাদ্রাসার অভিভাবক, শুভানুধ্যায়ী, মহিব্বিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন শিক্ষা প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে দেশ, জাতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।