জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের দ্বারা বিতাড়িত হওয়ার পরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে দেশে ভীতি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ ঘটনায় জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলা হয়, অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা দায়ের কিংবা তদন্তের নামে সময়ক্ষেপণ করে দায় এড়ানোর সুযোগ নেই। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত হামলাকারীদের শনাক্ত করতে হবে। পাশাপাশি হামলার পরিকল্পনাকারী, অর্থদাতা ও নেপথ্যের মদদদাতাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ফাহিম রহমান খান পাঠান ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলা ও নাশকতা প্রতিরোধে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।