দক্ষিণ পূর্ব

যাঁর কণ্ঠে মুগ্ধ তিন প্রজন্ম, আজ তাঁর জন্মদিন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ০২:১৭ দুপুর
পঠিত : ৪৭
যাঁর কণ্ঠে মুগ্ধ তিন প্রজন্ম, আজ তাঁর জন্মদিন

ছবি

উপমহাদেশের সংগীতজগতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন এই শিল্পী। বাংলা, হিন্দি, উর্দুসহ ১৭টি ভাষায় গান গেয়ে অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতি।

জন্মদিন উপলক্ষে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। সেখানে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার কাছ থেকে আমি গান গাওয়ার যে উপহার পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি পরিতৃপ্ত। তোমাদের জন্য যেন আরও অনেক সময় ধরে গান করে যেতে পারি, এটাই আমার চাওয়া।’

ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি আরও বলেন, ‘নিজেকে ভালোবাসো, একে-অপরকে ভালোবাসো। একে-অপরের যত্ন নাও। ধন্যবাদ সবাইকে।’

ভিডিও বার্তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লিখিত বার্তাও দিয়েছেন এই শিল্পী। সেখানে জন্মদিনে পাওয়া শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রুনা লায়লা লেখেন, প্রতি বছর জন্মদিনের রাতে মনে হয় জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে একটু বেশি জ্ঞানী হয়েছেন কি না, তা জানা নেই। তবে একটি বিষয় নিশ্চিত, ভক্তরা তাঁকে কতটা ভালোবাসেন, তা জন্মদিনে পাওয়া অসংখ্য ফোন, বার্তা, দোয়া ও শুভকামনায় আবারও উপলব্ধি করেন।

সৃষ্টিকর্তার দেওয়া সুন্দর জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই আশীর্বাদকে কখনো স্বাভাবিক বা অবধারিত বলে মনে করেন না। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য তিনি কৃতজ্ঞ। ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তাঁদের সঙ্গে আরও অনেক জন্মদিন কাটানোর আশাও প্রকাশ করেন শিল্পী।

রুনা লায়লার জন্ম ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে। তাঁর পৈতৃক বাড়ি রাজশাহীতে। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সংগীতশিল্পী। তাঁর মামা সুবীর সেনও ছিলেন বিখ্যাত সংগীতশিল্পী। ফলে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠেন তিনি।

বাবার চাকরির সুবাদে মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান রুনা লায়লা। সেখানেই শুরু হয় তাঁর সংগীতচর্চা ও শিল্পী হিসেবে পথচলা।

১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘জুগনু’-তে ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গান দিয়ে প্লেব্যাকে অভিষেক হয় তাঁর। একই সময়ে পাকিস্তান টেলিভিশনেও গান গাওয়া শুরু করেন। ষাটের দশকে উর্দু সিনেমা ও পাকিস্তানি টেলিভিশনে নিয়মিত গান করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

সত্তরের দশকের শুরুতে বাংলা ও হিন্দি গানে যাত্রা শুরু করেন রুনা লায়লা। বলিউডেও অসংখ্য গান গেয়েছেন তিনি। তাঁর কণ্ঠে ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ ও ‘দমা দম মাস্ত কালান্দার’ গান দুটি বিশেষ জনপ্রিয়তা পায়।

বাংলা সিনেমায় গান গাওয়ার শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও নিজের কণ্ঠ ও সংগীতপ্রতিভা দিয়ে সেসব বাধা অতিক্রম করেন এই শিল্পী।

বাংলা, হিন্দি ও উর্দু ছাড়াও পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচ, আরবি, ফারসি, মালয়, নেপালি, জাপানি, ইতালিয়ান, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ মোট ১৭টি ভাষায় গান গেয়েছেন রুনা লায়লা। তাঁর গাওয়া গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি বলে জানা যায়।

সংগীতজীবনে রুনা লায়লার রয়েছে একাধিক উল্লেখযোগ্য অর্জন। গান রেকর্ডিংয়ের ক্ষেত্রে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। সুরকার নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে প্রতিদিন ১০টি করে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করেন তিনি। পরে এই অর্জন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাতবার শ্রেষ্ঠ গায়িকা এবং একবার শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। সব মিলিয়ে পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছেন এই শিল্পী। ভারত ও পাকিস্তান থেকেও পেয়েছেন বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননা।

দীর্ঘ সংগীতজীবনের অসংখ্য অর্জন আর কালজয়ী গানের মধ্য দিয়ে রুনা লায়লা আজও উপমহাদেশের সংগীতপ্রেমীদের কাছে এক অনন্য নাম। জন্মদিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই কিংবদন্তি শিল্পী। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।