দক্ষিণ পূর্ব

চিন্ময় কৃষ্ণের মায়ের মৃত্যু; প্যারোলে মুক্তির আবেদন, সতর্ক পুলিশ

saiful
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৯ সকাল
পঠিত : ৪৫
চিন্ময় কৃষ্ণের মায়ের মৃত্যু; প্যারোলে মুক্তির আবেদন, সতর্ক পুলিশ

ছবি-দক্ষিণপূর্ব

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধর (৭১) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন সন্ধ্যা রানি ধর। হৃদ্‌রোগসহ বয়সজনিত নানা শারীরিক জটিলতাও ছিল তাঁর। ছেলে কারাবন্দী হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান তাঁরা।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট ব্যক্তিরা আবেদনপত্র নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে যান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা জেলা প্রশাসনের কার্যালয়ে আবেদনপত্র নিয়ে গেছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে সর্বোচ্চ সময়ের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হবে।

কুশল বরণ চক্রবর্তী বলেন, ‘এর আগে বুধবারও তাঁর মা সংকটাপন্ন অবস্থায় থাকায় আবেদন করা হয়েছিল। এবার আমাদের আইনজীবীরা সর্বোচ্চ সময়ের জন্য আবেদন করবেন।’

পরিবারের সূত্রে জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস কারাবন্দী হওয়ার পর তাঁর মুক্তির জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করতে ঢাকায় গিয়েছিলেন সন্ধ্যা রানি ধর। তবে এতে কোনো ইতিবাচক ফল না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর তাঁর শারীরিক অবস্থারও দ্রুত অবনতি হতে থাকে।

শেষ দিকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসাসুবিধার ব্যবস্থা করে তাঁকে পুণ্ডরীক ধামে রাখা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর পর চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথমে পুণ্ডরীক ধাম কর্তৃপক্ষের কাছ থেকে মৃত্যুসনদ সংগ্রহ করা হবে। এরপর আইনি প্রক্রিয়ায় প্যারোলের আবেদন করা হবে।

প্যারোলের আবেদন মঞ্জুর হলে চিন্ময় কৃষ্ণ দাস কখন কারাগার থেকে বের হতে পারবেন, তার ওপর নির্ভর করে তাঁর মায়ের শেষকৃত্যের সময় নির্ধারণ করা হবে।

শেষকৃত্য ঘিরে সতর্ক পুলিশ

চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের মৃত্যু এবং তাঁকে প্যারোলে মুক্তির আবেদনকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শেষকৃত্য ও প্যারোলের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তের পর পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন পাওয়া গেলে তা বিবেচনা করা হবে।

চিন্ময় কৃষ্ণ যে মামলায় কারাগারে

চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ওই দিন আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আদালত-সংলগ্ন পাথরঘাটা বান্ডেল রোডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকেও গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।