দক্ষিণ পূর্ব

'প্রয়োজনে বীমা কোম্পানির সম্পদ বিক্রি করে গ্রাহকদের অর্থ পরিশোধ করা হবে'

saiful
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫০ সকাল
সর্বশেষ আপডেট : ১ দিন আগে
পঠিত : ৩১
'প্রয়োজনে বীমা কোম্পানির সম্পদ বিক্রি করে গ্রাহকদের অর্থ পরিশোধ করা হবে'

ছবি-দক্ষিণপূর্ব

বকেয়া বীমা দাবি পরিশোধে প্রয়োজনে বীমা কোম্পানির সম্পদ বিক্রি করে গ্রাহকদের অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান কার্যালয়ে যান তিনি। মতিঝিলের দিলকুশায় বীমা ভবনে নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, নিরাপত্তার জন্য মানুষ কষ্টার্জিত অর্থ দিয়ে বীমা করেন। তাই কোনোভাবেই তাদের বঞ্চিত করা সম্ভব নয়। কোম্পানির সব সম্পদ বিক্রি হয়ে যাওয়ার পরও গ্রাহকের দাবি পরিশোধ করা উচিত।

বৈঠকে অর্থমন্ত্রীকে জানানো হয়, বীমা গ্রাহকদের সাত হাজার কোটি টাকার বেশি দাবি বর্তমানে বকেয়া রয়েছে। বীমা পুনর্গঠন ও আইন পরিবর্তনের বিষয়েও আলোচনা চলছে।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ না করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব কোম্পানি দাবি পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গ্রাহকদের দাবি পরিশোধের জন্য বীমা কোম্পানিগুলোর পর্যাপ্ত তারল্য নিশ্চিত রাখা দায়িত্ব। কিন্তু কিছু কোম্পানি গ্রাহকদের পাওনা পরিশোধ না করে জমি ও অন্যান্য সম্পদ কিনেছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। এমনকি সরকারি সিকিউরিটিজেও বিনিয়োগ করেছে। প্রয়োজন হলে এসব সম্পদ বিক্রি করে গ্রাহকদের দাবি পরিশোধ করতে হবে।

বীমা খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কথা তুলে ধরে আমির খসরু বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও দুর্নীতি হয়েছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের বীমা খাতের পরিসর বড় হলেও জীবন বীমা ও সাধারণ বীমা—কোনো খাতই প্রত্যাশিতভাবে এগোতে পারেনি। বীমা খাতের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অর্থমন্ত্রী জানান, বীমার মেয়াদ শেষ হওয়ার পরও ৫৭ শতাংশ দাবি এখনো অপরিশোধিত রয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।