চট্টগ্রাম বন্দরের দখলকৃত সব জায়গা আগামী দুই মাসের মধ্যে উদ্ধার করে বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য শাহজাহান চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শাহজাহান চৌধুরী চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জায়গা অবৈধভাবে লিজ দেওয়া ও দখলের বিষয়টি তুলে ধরে এসব জায়গা দ্রুত উদ্ধারের বিষয়ে জানতে চান।
জবাবে নৌপরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের কয়েকটি জায়গার লিজ ইতোমধ্যে বাতিল করা হয়েছে। তিনটি জায়গার লিজ বাতিলের পর এর মধ্যে দুটি জায়গা উদ্ধার করা হয়েছে। অপর একটি জায়গার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের কিছু জায়গার মালিকানা নিয়ে রেল মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে জটিলতা রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম সফরের সময় বিষয়টি বিস্তারিত শুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আদালতে থাকা বিষয়গুলো আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের কোনো জায়গা আর দখলকৃত থাকবে না।
চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বর্তমানে পণ্য খালাসের জন্য কোনো জাহাজকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। বার্থ বা ডিপ সিতে অবস্থানরত জাহাজ দুই দিনের মধ্যে পণ্য খালাস ও পুনরায় পণ্য লোড করে বন্দর ছেড়ে যেতে পারছে। আগে একই কাজে ৮ থেকে ১০ দিন সময় লাগত।
তিনি বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর বর্তমানে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় ও কনটেইনার ওঠানামা করছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল আন্তর্জাতিক মানে পরিচালিত হচ্ছে। পাশাপাশি লালদিয়া কনটেইনার টার্মিনালও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে উন্নয়ন করা হচ্ছে।
লালদিয়া টার্মিনালে প্রায় ৮০ কোটি ডলারের বিনিয়োগ আসছে জানিয়ে মন্ত্রী বলেন, এর মাধ্যমে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী বলেন, দেশের সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হয়েছে। আরও প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিংয়ের কাজ চলছে।
ঢাকার চারপাশের নদীদূষণ প্রসঙ্গে তিনি বলেন, দূষণের উৎস চিহ্নিত করে ৪২৪টি স্পট নির্ধারণ করা হয়েছে। রাজধানীর চারপাশের পাঁচটি নদী দূষণমুক্ত করতে ওয়াসা, দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
ঢাকার চারপাশের রিং ওয়াটারওয়েতে ওয়াটার বাস চালুর বিষয়ে মন্ত্রী বলেন, গত ১০ বছরে এ প্রকল্পে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। তবে বিআইডব্লিউটিএ প্রকল্পটির সমস্যাগুলো চিহ্নিত করে নতুনভাবে উদ্যোগ নিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকার চারপাশের রিং ওয়াটারওয়েতে ওয়াটার বাস চালু করা সম্ভব হবে।
নদী দখল প্রসঙ্গে সংরক্ষিত নারী আসন-৩৯-এর বিরোধী দলের সদস্য সাবিকুন্নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, বিআইডব্লিউটিএ অবৈধ দখল চিহ্নিত করে তালিকা তৈরি করে এবং উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা চায়। তবে সরাসরি অবৈধ দখল উচ্ছেদের আইনি ক্ষমতা বিআইডব্লিউটিএর নেই।
স্থানীয় প্রশাসনের লজিস্টিক সীমাবদ্ধতার কারণে কোথাও কোথাও উচ্ছেদ কার্যক্রম প্রত্যাশিত গতিতে হচ্ছে না বলেও জানান নৌপরিবহন মন্ত্রী।
সূত্র বাসস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।