দক্ষিণ পূর্ব

মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে গেল বিরোধীদল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৬ দুপুর
পঠিত : ৪৪
মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে গেল বিরোধীদল

ছবি

দক্ষিণপূর্ব ডেস্ক: 

জাতীয় সংসদের অধিবেশন থেকে পরপর দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। পরে বিরোধীদলের কয়েকজন সদস্য মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বের হয়ে প্রতিবাদ জানান।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।

‘সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ নিয়ে বিরোধিতা জানিয়ে প্রথমে ওয়াকআউট করেন বিরোধীদলের সদস্যরা। কিছুক্ষণ পর তারা অধিবেশন কক্ষে ফিরে এলেও মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনা শুরু হলে আবারও ওয়াকআউট করেন।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় মানবাধিকার কমিশন বিলটি দুর্বলভাবে সংসদে আনা হয়েছে। এ কারণে বিরোধীদল বিলটির আলোচনায় অংশ নেবে না।

পরে সংসদের টানেলে সংবাদ সম্মেলন করেন বিরোধীদলের নেতারা। তারা দিনটিকে সংসদের জন্য ‘কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বলেন, প্রস্তাবিত বিলগুলো জনগণের অধিকার ও স্বার্থের পরিপন্থী।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা সংসদে বক্তব্য দিতে চাইলেও স্পিকার তাকে যথাযথ সুযোগ দেননি। তার দাবি, বিরোধীদলের মতামত উপেক্ষা করে সরকার তড়িঘড়ি করে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল পাস করেছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান সম্পত্তি হস্তান্তর বিলেরও সমালোচনা করেন। তিনি বিলটিকে কোরআন ও সুন্নাহবিরোধী বলে দাবি করেন এবং স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

বিরোধীদলের নেতারা অভিযোগ করেন, মানবাধিকার ও গুম প্রতিরোধসংক্রান্ত আইনগুলোকে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করে পাস করা হয়েছে। তারা এসব আইনের বিরোধিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

এরপর কয়েকজন বিরোধীদলীয় সংসদ সদস্য মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে যান।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।