ইসলাম ধর্মে সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার বা জুমার দিনকে সর্বাধিক মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। দিনটিকে বলা হয় ‘সাপ্তাহিক ঈদের দিন’। পবিত্র কোরআন ও হাদিসে এ দিনের বিশেষ গুরুত্ব, ফজিলত ও তাৎপর্যের কথা তুলে ধরা হয়েছে। জুমার নামাজের মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।
জুমার নামাজ প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মুকিম পুরুষ মুসলমানের জন্য ফরজ। এ নামাজের গুরুত্ব তুলে ধরে পবিত্র কোরআনে ‘আল-জুমুআহ’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে। সূরা আল-জুমুআহর ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করো। এটিই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।’
ইসলামি বর্ণনা অনুযায়ী, জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলার অন্যতম কারণ হলো এ দিনের সঙ্গে মানবজাতির সৃষ্টির গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জড়িয়ে রয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এ দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে।’ (সহিহ মুসলিম)
এ ছাড়া এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সময়ের মধ্যবর্তী গুনাহ মাফেরও সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত সময়ের মধ্যবর্তী গুনাহগুলোর কাফফারা হয়, যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকা যায়। (সহিহ মুসলিম)
জুমার দিনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এ দিনে এমন একটি সময় রয়েছে, যখন বান্দার দোয়া কবুল করা হয়। এ সময় নির্ধারণ নিয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে। তবে একটি প্রসিদ্ধ মত অনুযায়ী, আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগপর্যন্ত সময়টি দোয়া কবুলের বিশেষ মুহূর্ত।
অন্যদিকে, শরিয়তসম্মত কারণ ছাড়া জুমার নামাজ ছেড়ে দেওয়ার বিষয়ে কঠোর সতর্কতা রয়েছে হাদিসে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি অবহেলা করে পরপর তিনটি জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। (সুনানে আবু দাউদ, জামে তিরমিজি ও সুনানে নাসাঈ)
ইসলামি বিধান অনুযায়ী, জুমার দিনে গোসল করা, পরিচ্ছন্ন পোশাক পরা, সুগন্ধি ব্যবহার, আগে মসজিদে উপস্থিত হওয়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা, বেশি বেশি দরুদ পাঠ, সূরা কাহফ তিলাওয়াত এবং দোয়া-ইস্তিগফার করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।