দক্ষিণ পূর্ব

মালয়েশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা-জ্ঞানার্জন নিয়ে জুমার খুতবা দিলেন চবি শিক্ষক

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ ০২:৩৭ দুপুর
পঠিত : ৩৮০
মালয়েশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা-জ্ঞানার্জন নিয়ে জুমার খুতবা দিলেন চবি শিক্ষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হক মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (International Islamic University Malaysia—IIUM)-এর সুলতান হাজী আহমদ শাহ (SHAS) মসজিদে গতকাল শুক্রবার জুমার খুতবা প্রদান করেছেন। 

‘Rise with Himmah: Igniting Islamic Motivation through the Qur’an and the Sunnah’ শীর্ষক খুতবায় তিনি পবিত্র কুরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর আলোকে মুসলিম তরুণদের আত্মিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে উদ্বুদ্ধ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্বের শতাধিক দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত জুমার জামাতে তিনি সমসাময়িক তরুণ সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ—অনুপ্রেরণার অভাব, লক্ষ্যহীনতা, হতাশা, সময়ের অপচয় এবং দায়িত্ব পালনে অনীহা—নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, একজন মুমিনের জীবনে প্রকৃত প্রেরণার উৎস হওয়া উচিত আল্লাহর প্রতি বিশ্বাস, আন্তরিক নিয়ত, উচ্চ লক্ষ্য এবং আখিরাতের জবাবদিহির চেতনা।

খুতবায় অধ্যাপক ড. শহীদুল হক ইসলামে অনুপ্রেরণা ও আত্মোন্নয়নের সাতটি গুরুত্বপূর্ণ ভিত্তি তুলে ধরেন। এগুলো হলো—সৎ নিয়ত ও ইখলাস, আল্লাহর রহমতের প্রতি অবিচল আশা, আত্মপরিবর্তন ও প্রচেষ্টা, ধৈর্য ও অধ্যবসায়, আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল, জ্ঞানার্জন ও উৎকর্ষ সাধন এবং যৌবন ও সময়ের যথাযথ ব্যবহার।

সৎ নিয়তের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষের প্রতিটি কাজের মূল্যায়ন নির্ভর করে তার নিয়তের ওপর। সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত ‘নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল’—এই হাদিসের আলোকে তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও পেশাগত প্রস্তুতিকে শুধু ব্যক্তিগত সাফল্য বা চাকরি লাভের মাধ্যম হিসেবে না দেখে মানবকল্যাণ ও উম্মাহর সেবার উদ্দেশ্যে গ্রহণ করার আহ্বান জানান। তাঁর মতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পরিচালিত জ্ঞানচর্চা ও দায়িত্বশীল কর্মপ্রচেষ্টা ইবাদতের মর্যাদা লাভ করতে পারে।

হতাশা ও নিরাশা থেকে মুক্ত থাকার ওপর গুরুত্ব দিয়ে তিনি পবিত্র কুরআনের সূরা আয-যুমারের ৫৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জীবনে ভুল, ব্যর্থতা কিংবা প্রতিকূলতা আসতেই পারে; কিন্তু কোনো অবস্থাতেই আল্লাহর ক্ষমা ও অনুগ্রহের প্রতি আশা হারানো উচিত নয়। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে তওবা, আত্মশুদ্ধি ও নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

আত্মপরিবর্তন ও কঠোর পরিশ্রমের প্রসঙ্গে তিনি সূরা আর-রাদের ১১ নম্বর আয়াতের আলোকে বলেন, কোনো জাতির অবস্থার পরিবর্তন আসে না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তনে উদ্যোগী হয়। তিনি সহিহ মুসলিমে বর্ণিত শক্তিশালী মুমিনের হাদিস উল্লেখ করে উপকারী কাজে সচেষ্ট হওয়া, আল্লাহর সাহায্য প্রার্থনা করা এবং কখনো হাল ছেড়ে না দেওয়ার শিক্ষা তুলে ধরেন। তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, নিয়মিত অধ্যয়ন, গবেষণায় মনোযোগ এবং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ওপর বিশেষ গুরুত্ব পায়।

ধৈর্য ও অধ্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি সূরা আল-ইনশিরাহর ৫ ও ৬ নম্বর আয়াতের ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে’—এই চিরন্তন বার্তা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষাজীবনে পরীক্ষার চাপ, আর্থিক সংকট, পরিবার থেকে দূরে থাকার কষ্ট কিংবা একাডেমিক ব্যর্থতা আসতে পারে। এসব প্রতিকূলতাকে হতাশার কারণ না বানিয়ে আত্মগঠন ও ধৈর্যচর্চার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। একই সঙ্গে সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করার পরামর্শ দেন তিনি।

তাওয়াক্কুল বা আল্লাহর ওপর নির্ভরতার ব্যাখ্যায় অধ্যাপক হক ‘উট বেঁধে আল্লাহর ওপর ভরসা করো’—মর্মে বর্ণিত হাদিসের শিক্ষা তুলে ধরেন। তিনি বলেন, ইসলামে আল্লাহর ওপর ভরসা করার অর্থ দায়িত্ব ও প্রচেষ্টা পরিত্যাগ করা নয়; বরং যথাযথ প্রস্তুতি ও সর্বোচ্চ প্রচেষ্টার পর ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভর করা। পরীক্ষার প্রস্তুতি, গবেষণা কিংবা জীবনের যেকোনো গুরুত্বপূর্ণ কাজে পরিকল্পনা ও পরিশ্রমের পাশাপাশি তাওয়াক্কুলের এই ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

জ্ঞানার্জন ও উৎকর্ষ সাধন সম্পর্কে তিনি বলেন, ইসলামের প্রথম প্রত্যাদেশই ছিল ‘পড়ো’—যা জ্ঞানচর্চার প্রতি ইসলামের বিশেষ গুরুত্বের প্রমাণ। তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরেও জ্ঞান অর্জন, গবেষণায় আগ্রহী হওয়া, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিটি কাজ নিষ্ঠা ও উৎকর্ষের সঙ্গে সম্পন্ন করার পরামর্শ দেন। তাঁর বক্তব্যে ধারাবাহিকতার ওপর বিশেষ গুরুত্ব পায়। তিনি উল্লেখ করেন, আল্লাহর কাছে সেই আমল অধিক প্রিয়, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। তাই একদিনে অনেক কিছু করার পরিবর্তে প্রতিদিন অল্প অল্প করে নিয়মিত ভালো অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

খুতবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যৌবন ও সময়ের সদ্ব্যবহার। অধ্যাপক ড. শহীদুল হক বলেন, যৌবন, সুস্বাস্থ্য ও অবসর মানুষের জীবনের অত্যন্ত মূল্যবান সম্পদ। এগুলোর যথাযথ ব্যবহার না করলে পরবর্তী সময়ে অনুশোচনা করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয়, অলসতা ও কাজ ফেলে রাখার প্রবণতা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের পড়াশোনা, কুরআন অধ্যয়ন, গবেষণা, আত্মোন্নয়ন এবং সমাজসেবায় সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

খুতবার শেষাংশে তিনি মুসলিম তরুণদের জন্য একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনাও তুলে ধরেন। এতে প্রতিদিন সৎ নিয়ত নবায়ন, পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায়, প্রতিদিন কুরআন তিলাওয়াত ও অর্থ অনুধাবন, নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা, সততা ও নিষ্ঠার সঙ্গে একাডেমিক কাজ সম্পন্ন করা, শারীরিক ও মানসিক সুস্থতার যত্ন নেওয়া এবং সমাজের কল্যাণে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও বলেন, একজন মুসলিমের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন, ডিগ্রি কিংবা পেশাগত প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তার জ্ঞান, নৈতিকতা, কর্ম ও সেবা মানুষের কতটা উপকারে আসছে, সেটিও গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতাকে মানবতা, সমাজ ও বৃহত্তর মুসলিম উম্মাহর কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, International Islamic University Malaysia (IIUM) বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের SHAS মসজিদে অনুষ্ঠিত জুমার জামাতে বিশ্বের শতাধিক দেশের অধ্যাপক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক এই শিক্ষাঙ্গনে বাংলাদেশের একজন অধ্যাপকের খুতবা প্রদান বাংলাদেশের উচ্চশিক্ষা ও ইসলামী জ্ঞানচর্চার সঙ্গে আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলের সংযোগের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।