দক্ষিণ পূর্ব

মুসল্লির ঢলে জনসমুদ্রে পটিয়ার জামিয়া

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০২:২৩ দুপুর
পঠিত : ৬২
মুসল্লির ঢলে জনসমুদ্রে পটিয়ার জামিয়া

ছবি

চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, শীর্ষস্থানীয় আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদদের সমাগম ঘটে। তাঁদের উপস্থিতিতে জামিয়া ক্যাম্পাস ও আশপাশের এলাকা পরিণত হয় ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায়।

গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার বাদ জোহর জামিয়ার তাজবিদ বিভাগের শিক্ষার্থীদের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে রাজঘাটা মাদরাসার সদর আল্লামা শামছুল ইসলামের উদ্বোধনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দুই দিনের সম্মেলনে কোরআন-সুন্নাহর শিক্ষা, ঈমান-আকিদা, আত্মশুদ্ধি, ইসলামী জীবনব্যবস্থা, পরিবার ও সমাজ গঠন, দাওয়াত এবং সমকালীন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে আলোচনা করেন দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদরা।

সম্মেলনে অংশ নেন আমীরে হেফাজত মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা ফরিদ উদ্দিন আল-মোবারকসহ দেশের বিভিন্ন ধারার বিশিষ্ট আলেম ও ইসলামী নেতৃবৃন্দ।

এবারের সম্মেলনে উপস্থিত ছিলেন সরকারের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। তাঁর উপস্থিতিতে ধর্মীয় শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং জাতীয় জীবনে আলেম-উলামার ভূমিকা নিয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জামিয়া ওবাইদিয়া নানুপুরের মুহতামিম পীরে কামেল আল্লামা মাওলানা সালাহউদ্দীন নানুপুরীর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপ্তি ঘটে।

সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জামিয়ার মুহতামিম মাওলানা মুফতি একরাম হোসাইন অদুদী। তিনি বলেন, মহান আল্লাহর রহমতে সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজন সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীসহ যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

সম্মেলন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দেশ-বিদেশের আলেম-উলামা, মুসল্লি, জামিয়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জামিয়া কর্তৃপক্ষ।

এদিকে আগামী বছরের ৮৮তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের তারিখ ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। আগামী ২৫ ও ২৬ নভেম্বর ২০২৭, বৃহস্পতিবার ও শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পরবর্তী আয়োজনেও দেশ-বিদেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জামিয়া কর্তৃপক্ষ।

বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণ এবং দেশবরেণ্য আলেমদের উপস্থিতিতে এবারের সম্মেলন পটিয়ার ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে সম্পন্ন হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।