অ্যান্টিবায়োটিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম যুগান্তকারী আবিষ্কার। নিউমোনিয়া, টাইফয়েড ও সেপসিসসহ বিভিন্ন প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ন্ত্রণে এই ওষুধের ভূমিকা অপরিসীম। তবে অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারের কারণে জীবনরক্ষাকারী এই ওষুধের কার্যকারিতা ক্রমেই কমে আসছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ সংকটকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)।
চট্টগ্রামে পরিচালিত এক গবেষণায়ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ২০২৪ সালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (সিআইএমসি) পরিচালিত গবেষণায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের উচ্চমাত্রার রেজিস্ট্যান্স পাওয়া যায়।
গবেষণার তথ্য অনুযায়ী, Staphylococcus aureus ব্যাকটেরিয়ার ক্ষেত্রে Amoxicillin-এর বিরুদ্ধে রেজিস্ট্যান্সের হার ৯৮ শতাংশ, Ampicillin-এর বিরুদ্ধে ৯২ দশমিক ৫ শতাংশ এবং Cefixime-এর বিরুদ্ধে ৯৫ শতাংশ। অন্যদিকে, Streptococcus প্রজাতির ব্যাকটেরিয়ার ক্ষেত্রে Amoxiclav-এর বিরুদ্ধে রেজিস্ট্যান্স ৯৮ শতাংশ এবং Azithromycin-এর বিরুদ্ধে ৮৭ দশমিক ৫ শতাংশ।
গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। E. coli ও Klebsiella ব্যাকটেরিয়ার বিরুদ্ধে Amoxicillin, Cefepime, Cefixime, Ceftazidime, Cefotaxime ও Cefuroxime-এর ক্ষেত্রে ৮০ শতাংশের বেশি রেজিস্ট্যান্স পাওয়া গেছে। একইভাবে Pseudomonas ও Acinetobacter ব্যাকটেরিয়ার বিরুদ্ধে Amoxiclav, Ceftriaxone, Cefepime, Cefixime, Cefotaxime, Cefuroxime ও Ceftazidime-এর ক্ষেত্রেও ৮০ শতাংশের বেশি রেজিস্ট্যান্স পরিলক্ষিত হয়েছে।
গবেষণার এসব ফলাফল ভবিষ্যতে সংক্রমণ নিয়ন্ত্রণ ও চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে গেলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হলেও মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এর বিস্তার ত্বরান্বিত করছে। ভাইরাসজনিত জ্বর, সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। অথচ এসব রোগেও অনেক ক্ষেত্রে অযৌক্তিকভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ কেনা, নিজের ইচ্ছায় মাত্রা পরিবর্তন, অন্যের ওষুধ সেবন এবং আগের অসুস্থতার অবশিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহারও এ ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি পশুপাখি ও কৃষিক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারও রেজিস্ট্যান্স বিস্তারের অন্যতম কারণ।
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রভাব শুধু সংক্রমণের চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ব্যক্তি, পরিবার ও সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠছে। কার্যকর ওষুধের অভাবে রোগীর চিকিৎসা দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি মৃত্যুঝুঁকিও বাড়তে পারে।
এমনকি ক্যানসারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, বড় ধরনের অস্ত্রোপচার এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসাও কার্যকর অ্যান্টিবায়োটিকের ওপর অনেকাংশে নির্ভরশীল। ফলে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়ে গেলে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রও ঝুঁকির মুখে পড়বে।
এ সংকট মোকাবিলায় চিকিৎসক, রোগী, হাসপাতাল কর্তৃপক্ষ, নীতিনির্ধারক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। নির্ধারিত মাত্রা ও সময়কাল অনুসরণ করতে হবে। অন্যের ওষুধ কিংবা অবশিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া বা নতুন কোনো সমস্যা দেখা দিলে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করা থেকেও বিরত থাকতে হবে।
বিশেষজ্ঞরা বলেন, নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পাশাপাশি বিদ্যমান ওষুধের কার্যকারিতা সংরক্ষণ, নিয়মিত গবেষণা, স্থানীয় পর্যায়ে রেজিস্ট্যান্স পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালভিত্তিক সংক্রমণ নিয়ন্ত্রণ জোরদার করা জরুরি। আজকের সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহারই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধরে রাখতে।
বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের (সিআইএনসি) যৌথ উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপদেষ্টা ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড হেলথ সায়েন্সের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শাকিল আহমেদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. ফাতিহা তাসমিন জিনিয়া।
প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।