উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে এবার কাপ্তাই সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চুয়েটের প্রধান ফটকের সামনে কাপ্তাই সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় অনেককে যানবাহন ছেড়ে হেঁটে আন্দোলনস্থল পার হতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থী মোতাহের হোসেন বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে দ্রুত দাবি মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের অবসান না হওয়ায় বুধবার রাতে শিক্ষার্থীদের এক সভায় বৃহস্পতিবার থেকে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের শাটডাউনের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়। কিন্তু উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের অবসান না হওয়ায় সংকট কাটেনি। নতুন করে শাটডাউন ও সড়ক অবরোধের কর্মসূচিতে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আবারও দীর্ঘস্থায়ী অচলাবস্থার মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।