দক্ষিণ পূর্ব

তরুণ প্রজন্মে এইচআইভির ঝুঁকি বাড়ছে, পাঁচ বছরে দ্বিগুণ শনাক্তের হার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ ০৮:৪৬ সকাল
পঠিত : ৭৩
তরুণ প্রজন্মে এইচআইভির ঝুঁকি বাড়ছে, পাঁচ বছরে দ্বিগুণ শনাক্তের হার

ছবি

দেশে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি সংক্রমণের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত পাঁচ বছরে নতুন শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীদের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২১ সালে নতুন শনাক্তদের মধ্যে শিক্ষার্থী ছিলেন ৭ দশমিক ১৩ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ শতাংশে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সচেতনতার অভাব, অনিরাপদ যৌনসম্পর্ক এবং প্রতিরোধমূলক কার্যক্রমের ঘাটতি এ পরিস্থিতির অন্যতম কারণ।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী, যা মোট শনাক্তের প্রায় ১৭ শতাংশ।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন বা ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ) এবং ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) শিক্ষার্থী ছিলেন। অর্থাৎ, ২০২২ সালের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার ধারাবাহিকভাবে বেড়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে এইচআইভি বিষয়ে পর্যাপ্ত সচেতনতার অভাব এবং অনিরাপদ যৌনসম্পর্কের কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, নিয়মিত স্বাস্থ্যশিক্ষা, পরীক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা জরুরি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, বিদেশি তহবিল কমে যাওয়ায় এইচআইভি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা কমেছে। স্কুল ও ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ খাতে নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বাড়াতে হবে।

জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয়। এরপর ২০২৫ সাল পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৩১৩ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। গত বছর এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৯ জন। এ পর্যন্ত দেশে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৬৬।

বয়সভিত্তিক পরিসংখ্যানেও তরুণদের মধ্যে সংক্রমণের ঝুঁকির বিষয়টি স্পষ্ট হয়েছে। ২০২৫ সালে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২১ দশমিক ৫ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর। ১৫ থেকে ১৯ বছর বয়সী ছিলেন ৪ দশমিক ৮৭ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশ আক্রান্তের বয়স ছিল ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে।

বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। তাঁদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, বেশি মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনার কারণে শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ কমেছে।

এইচআইভি মোকাবিলায় বেশ কিছু চ্যালেঞ্জের কথাও উঠে এসেছে বিভাগটির এক উপস্থাপনায়। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা পাওয়ার সীমিত সুযোগ এবং দেশের মাত্র ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষার ব্যবস্থা থাকা। এ ছাড়া সচেতনতার ঘাটতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার বৃদ্ধির এ চিত্র তরুণ প্রজন্মের জন্য কার্যকর স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সচেতনতা তৈরি, নিরাপদ আচরণ সম্পর্কে সঠিক তথ্য দেওয়া এবং বিনা দ্বিধায় পরীক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।