দক্ষিণ পূর্ব

নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০১:৫১ দুপুর
পঠিত : ৪৮
নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

ছবি

নগরবাসীর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসীর জন্য তাঁর দরজা সবসময় খোলা। এলাকার সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি জানালে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগরের পাঁচলাইশের ৩ নম্বর ওয়ার্ডের মুরাদনগর মিদ্দাপাড়া মাঠে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসী যেকোনো সমস্যা নিয়ে তাঁর সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন। প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকার মানুষ তাঁর সঙ্গে দেখা করছেন। বিশেষ করে যেসব সড়কের কারণে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, সেগুলো জরুরি হিসেবে চিহ্নিত করে জানালে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।

নগরের চলমান উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডে উন্নয়নকাজ চলছে। মুরাদনগর এলাকায় আব্দুল মালেক সওদাগর সড়ক ও অলি আহমদ সওদাগর সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বড় কবরস্থানের আলোকসজ্জার কাজও সম্পন্ন হয়েছে। এ ছাড়া আব্দুল মালেক সওদাগর বাই লেন, অলি আহমদ সওদাগর বাই লেন, কবরস্থানের মাঝের চলাচলের রাস্তা এবং নালার ওপর স্ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি সড়কবাতি স্থাপন, নালা পরিষ্কার ও মাটি উত্তোলনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ করা হচ্ছে।

তিনি বলেন, নগরের উন্নয়নকাজ আরও কার্যকর করতে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করা জরুরি। স্থানীয় বাসিন্দারা কোন সড়ক বা অবকাঠামোর কারণে বেশি দুর্ভোগে রয়েছেন, তা সিটি করপোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চসিক প্রশাসক বলেন, মাদক, ইয়াবা, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন নাগরিকদের সহযোগিতা করবে।

নগর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা ফেলা, ডাবের খোসা ও অন্যান্য বর্জ্য উন্মুক্ত স্থানে রাখা এবং নালা-নর্দমায় ময়লা জমিয়ে রাখা থেকে বিরত থাকতে হবে। এসব কারণে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি হয় এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ে। তাই প্রত্যেককে নিজের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে ডা. শাহাদাত বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। সেখানে অবৈধভাবে গাড়ি রাখা কিংবা অন্য কোনোভাবে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। ফুটপাত দখল ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রকৃত অসহায় ও দরিদ্র হকারদের চিহ্নিত করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নাগরিক সেবা সহজ করতে ‘আমার চট্টগ্রাম’ অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সিটি করপোরেশনের বিভিন্ন সেবা পাওয়া যাবে। পাশাপাশি এলাকার সমস্যা ও অভিযোগের ছবি পাঠানোর সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মীরা সরেজমিনে গিয়ে সেসব সমস্যা সমাধানে কাজ করবেন।

তিনি আরও বলেন, শহর সবার। শুধু সিটি করপোরেশনের একার পক্ষে একটি সুন্দর শহর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য নগরবাসীকেও দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে। সবাই মিলে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য শহর রেখে যাওয়া সবার সম্মিলিত দায়িত্ব।

তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাল বিতরণ কর্মসূচিকে অসহায় মানুষের জন্য ক্ষুদ্র উপহার হিসেবে উল্লেখ করে চসিক প্রশাসক বলেন, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় তিনি তারেক রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর আতুরার ডিপোর কামরাবাদ জামে মসজিদ পরিদর্শন করেন ডা. শাহাদাত হোসেন। নির্মাণাধীন মসজিদটির উন্নয়নকাজ ঘুরে দেখে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে পাঁচলাইশ এলাকার চলমান উন্নয়নকাজও সরেজমিনে পরিদর্শন করেন।

বায়েজিদ থানা কৃষক দলের সহসভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসান বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শামসুল আলম ও জি এম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, মহানগর বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।