দক্ষিণ পূর্ব

অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে নিজেকেই অপহরণের নাটক, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

saiful
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৩ দুপুর
পঠিত : ৪৩
অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে নিজেকেই অপহরণের নাটক, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

ছবি-দক্ষিণপূর্ব

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দুই থেকে তিন লাখ টাকা ঋণগ্রস্ত হন মো. আরিফুর রহমান (২৯)। সেই ঋণের টাকা পরিশোধ করতে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তিনি। পরে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। তবে শেষ পর্যন্ত র‌্যাবের অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন মেসার্স রাকিব ট্রান্সপোর্ট এজেন্সির সামনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে র‌্যাব-৭।

আরিফুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর থানার শান্তা এলাকার সামছুল আজমের ছেলে। বর্তমানে তিনি ঢাকার ভাটারা এলাকায় থাকেন এবং ফুটপাতে জামাকাপড়ের ব্যবসা করেন।

র‌্যাব-৭ জানায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আরিফুর রহমান তার বন্ধুকে কুড়িল বিশ্বরোডের সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রেখে বিকাশে টাকা ক্যাশ আউট করার কথা বলে একটি দোকানের দিকে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে আসেননি। তার বন্ধু ফোন করলে তিনি ফোন ধরেননি। কিছুক্ষণ পর তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। পরদিন ১০ সেপ্টেম্বর আরিফুরের ব্যবহৃত নম্বর থেকে তার ভাইয়ের মোবাইলে ফোন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি দাবি করেন, আরিফুরকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। কয়েক ঘণ্টার মধ্যে টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় আরিফুরের ভাই বাদী হয়ে ঢাকার ভাটারা থানায় মামলা করেন। মামলাটি ১০ সেপ্টেম্বর দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩৬৫/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কথিত অপহরণের শিকার আরিফুর চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরিফুর র‌্যাবকে জানান, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। এর কারণে বর্তমানে তিনি প্রায় দুই থেকে তিন লাখ টাকা ঋণগ্রস্ত। ওই ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যেই তিনি নিজেকে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

উদ্ধার করা আরিফুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

এসআই 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।