চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ হাজার কেজি সিমেন্ট পাওয়া যায়। পরে সিমেন্টসহ বোটটি জব্দ এবং চারজনকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, চোরাচালান ও অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।