দক্ষিণ পূর্ব

যুবকদের উদ্যোক্তা ও আত্মকর্মী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০১:১৪ দুপুর
পঠিত : ২৮
যুবকদের উদ্যোক্তা ও আত্মকর্মী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

ছবি

Degchibarictg

হাটহাজারী প্রতিনিধি:

বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজের মেধা, দক্ষতা ও শ্রমকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেছেন, শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থানমুখী হতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও ভূমিকা রাখা সম্ভব।

রোববার পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদ, যুব প্রতিনিধি মনিরুল আলম জনি এবং কামালপাড়া যুব সংগঠনের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি যুবসমাজের উন্নয়নে অবদান রাখায় শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে কামালপাড়া যুব সংঘ এবং শ্রেষ্ঠ সংগঠক হিসেবে তারেক মাসুদকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।