চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে (সিআইএমসি) 'CIMC’s Journey Towards WFME/BMEAC Accreditation: Initiatives, Progress, and Achievements' শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, অ্যাক্রিডিটেশন অর্জনের গতিপথ, একাডেমিক কার্যক্রমের সাফল্য এবং এই অর্জিত ধারাবাহিকতা কীভাবে বজায় রাখা যায়—এসব বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
সিআইএমসি’র অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন এবং সিআইএমসি’র মেডিকেল এডুকেশন ইউনিটের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মো. আমির হোসাইন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মাকোলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. ফাতিহা তাসনিম জিনিয়া।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সিআইএমসি’র মেডিকেল এডুকেশন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আফরোজা হক। তিনি চিকিৎসা শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিশ্বমানের প্রাতিষ্ঠানিক মানদণ্ড বাস্তবায়ন এবং ডব্লিউএফএমই (WFME) ও বিএমইএসি (BMEAC) কর্তৃক স্বীকৃতি অর্জনের পেছনের নানা উদ্যোগ, গতিপথ ও অর্জন তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন ডিইএসএইচ (DESH)-এর ইসি সেক্রেটারি অধ্যাপক মো. নুরুন্নবী, সিআইডিসি (CIDC)-এর সদস্য সচিব ও গভর্নিং বডির চেয়ারম্যান ডা. এ টি এম রেজাউল করিম, সিআইএমসি’র একাডেমিক এডভাইজার ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ টিপু সুলতান এবং বর্তমান উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিমা আক্তার।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরিতে প্রথাগত জ্ঞানের পাশাপাশি আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা অত্যন্ত জরুরি। ডব্লিউএফএমই অনুমোদিত বিএমইএসি স্বীকৃতি অর্জনের এই উদ্যোগ সিআইএমসি’র জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এই স্বীকৃতি প্রতিষ্ঠানের ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি দেশ-বিদেশে এর গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেবে।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই ধরণের উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষের মাধ্যমে সিআইএমসি ভবিষ্যতে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা প্রদানে অনন্য ভূমিকা রাখবে এবং দক্ষ ও মানবিক চিকিৎসক গড়ার ধারা অব্যাহত রাখবে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।