ফটিকছড়িতে বিয়ের মেহেদি অনুষ্ঠানের বৈদ্যুতিক আলোকসজ্জার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আয়েশা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামের রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে। নুর আয়েশা ওই এলাকার মোহাম্মদ শফির স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির পাশের একটি ঘরে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ উপলক্ষে সেখানে বৈদ্যুতিক আলোকসজ্জা টাঙানো হয়েছিল। সন্ধ্যায় ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুর আয়েশা।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।