দক্ষিণ পূর্ব

শুভ জন্মাষ্টমী আজ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৮ সকাল
পঠিত : ৩৬
শুভ জন্মাষ্টমী আজ

ফাইল ছবি

আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরা নগরের কারাগারে অত্যাচারী রাজা কংসের বন্দিশালায় শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়, অত্যাচার ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর এই আবির্ভাবতিথিই ভক্তদের কাছে শুভ জন্মাষ্টমী হিসেবে পরিচিত।

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, নামযজ্ঞ, আলোচনা সভাসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনেক ভক্ত উপবাস ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালন করছেন।

এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও বিশেষ অনুষ্ঠান প্রচারের আয়োজন রয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটিও রয়েছে।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীতে ধর্মীয় ঐতিহ্য ও বর্ণাঢ্য আয়োজনে বের হবে জন্মাষ্টমী মহাশোভাযাত্রা। জেএম সেন হল প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন বাঁশখালী ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত মহারাজ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

মহাশোভাযাত্রার উদ্বোধন করবেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য সাঈদ আল নোমান ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বাণীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাঁরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা ও দর্শন সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে। কেউ যেন দেশের সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ শুভ জন্মাষ্টমী উদ্‌যাপন করছেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।