দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের সঙ্গে ডারবানের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে প্রস্তাব

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০৪:৩৩ সকাল
পঠিত : ৫৩
চট্টগ্রামের সঙ্গে ডারবানের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে প্রস্তাব

ছবি

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চট্টগ্রাম ও দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানকে ‘সিস্টার সিটি’ করার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তাঁর এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়ে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন চসিক প্রশাসক।

সাক্ষাৎকালে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ডারবানও গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। ভৌগোলিক অবস্থান, বন্দরনির্ভর অর্থনীতি, শিল্পায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুই নগরীর মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সিস্টার সিটি সম্পর্ক গড়ে তোলা গেলে উভয় নগরী লাভবান হবে।

তিনি বলেন, এ ধরনের সম্পর্ক প্রতিষ্ঠিত হলে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নগর ব্যবস্থাপনা, যোগাযোগ অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতিতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্বের গুরুত্বপূর্ণ বন্দরনগরীগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে চসিক।

দক্ষিণ আফ্রিকায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বসবাস করেন উল্লেখ করে চসিক প্রশাসক বলেন, প্রবাসী বাংলাদেশিরা সেখানে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে দুই দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। অথচ বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো আবাসিক হাইকমিশন নেই। দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করা প্রয়োজন। বিশেষ করে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ শিল্প ও বাণিজ্যের প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা চট্টগ্রামে তাঁদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারেন। দুই দেশের বর্তমান বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান অর্থনৈতিক সম্ভাবনার তুলনায় অনেক কম।

চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীকে আধুনিক ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশের প্রথম বাইসাইকেল ট্র্যাক নির্মাণ, গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ফুটওভার ব্রিজ স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং যানজট নিরসনে কাজ চলছে। পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও স্মার্ট নগরী গড়ে তোলাই চসিকের লক্ষ্য।

চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাবকে স্বাগত জানিয়ে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে চসিকের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে অবস্থিত ডারবান সাব-সাহারান আফ্রিকার অন্যতম ব্যস্ত বন্দরনগরী। আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প, পণ্য পরিবহন ও পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এ নগরীর বিশ্বের বিভিন্ন শহরের সঙ্গে সিস্টার সিটি সম্পর্ক রয়েছে। এসব শহরের মধ্যে যুক্তরাজ্যের লিডস, যুক্তরাষ্ট্রের শিকাগো, জার্মানির ব্রেমেন, চীনের গুয়াংজু ও নেদারল্যান্ডসের রটারডাম উল্লেখযোগ্য।

১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় বাংলাদেশের আবাসিক হাইকমিশন রয়েছে। অন্যদিকে নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশন থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। গত ২৫ নভেম্বর ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩০ কোটি ১২ লাখ মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ১২ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে আমদানি করেছে ১৭ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলারের পণ্য। তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন হাইকমিশনারের সহধর্মিণী ড. নেলিস্ট্রা সুকলাল সিং, নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মাশুদুবেলে মামাবোলো, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল মোহাম্মদ সোলায়মান আলম শেঠ এবং অনারারি কনস্যুলেটের উপপরিচালক প্রকৌশলী কাজী মো. মাহমুদ। এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।