দক্ষিণ পূর্ব

জাতীয় যুব দিবস আজ: কর্মসংস্থানের বাইরে ১ কোটি ৫ লাখ তরুণ-তরুণী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০৫:৩৪ সকাল
পঠিত : ২৫
জাতীয় যুব দিবস আজ: কর্মসংস্থানের বাইরে ১ কোটি ৫ লাখ তরুণ-তরুণী

ছবি

Degchibarictg

দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তি যুবসমাজ। কিন্তু পর্যাপ্ত কর্মসংস্থান, দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ উৎপাদনশীল কর্মকাণ্ডের বাইরে রয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ-২০২৪ অনুযায়ী, দেশে ১৫ থেকে ২৯ বছর বয়সী ১ কোটি ৫ লাখ ৬০ হাজার তরুণ-তরুণী কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নন। তাঁদের মধ্যে ২০ লাখ সরাসরি বেকার। বাকি ৮৫ লাখ ৬০ হাজার শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণের বাইরে রয়েছেন।

উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের চিত্র আরও উদ্বেগজনক। দেশে মোট বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। অর্থাৎ উচ্চশিক্ষা শেষ করেও বড় একটি অংশ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থার অসামঞ্জস্য, কর্মমুখী দক্ষতার অভাব এবং পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

এমন বাস্তবতায় আজ রোববার সারা দেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, যুব মেলা, চাকরি মেলা ও যুব ঋণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে ১৫ বছর ও তদূর্ধ্ব কর্মক্ষম জনসংখ্যা ১২ কোটি ১৮ লাখ ২০ হাজার। এর মধ্যে শ্রমশক্তিতে রয়েছেন ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার মানুষ। তাঁদের মধ্যে কর্মে নিয়োজিত ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার এবং বেকার ২৬ লাখ ২০ হাজার।

মোট শ্রমশক্তির ৩৪ দশমিক ৬২ শতাংশ বা ২ কোটি ৪৮ লাখ ৩০ হাজার মানুষের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। তাঁদের মধ্যে কর্মে নিয়োজিত ২ কোটি ২৮ লাখ ৩০ হাজার। বাকি ২০ লাখ তরুণ কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেননি।

জরিপের সংজ্ঞা অনুযায়ী, সপ্তাহে অন্তত এক ঘণ্টা মজুরি, বেতন, মুনাফা কিংবা পরিবারের নিজস্ব ভোগের জন্য পণ্য বা সেবা উৎপাদনের কাজে যুক্ত থাকলে তাঁকে বেকার হিসেবে গণ্য করা হয় না। এই সংজ্ঞার আলোকে ২০ লাখ তরুণ-তরুণী কর্মহীন রয়েছেন।

কেবল বেকারত্বই নয়, শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণ—কোনোটির সঙ্গেই যুক্ত নন এমন তরুণ-তরুণীর সংখ্যাও উদ্বেগজনক। বিবিএসের হিসাবে, এ সংখ্যা ৮৫ লাখ ৬০ হাজার। তাঁরা কাজ করছেন না, আবার কাজও খুঁজছেন না। ফলে জরিপের সংজ্ঞায় তাঁদের বেকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।

২০২৩ সালের তুলনায় এই জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৫ লাখ বেড়েছে। তাঁদের প্রায় ৫৮ শতাংশ শহরাঞ্চলে বসবাস করেন। এ জনগোষ্ঠীতে নারীর সংখ্যা পুরুষের প্রায় দ্বিগুণ।

বেকার ২০ লাখ এবং শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণের বাইরে থাকা ৮৫ লাখ ৬০ হাজার—সব মিলিয়ে ১ কোটি ৫ লাখ ৬০ হাজার তরুণ-তরুণী দেশের উৎপাদনশীল কর্মকাণ্ডের বাইরে রয়েছেন।

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেকারত্বের চিত্রেও উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। বিবিএসের হিসাবে, দেশে মোট বেকারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ৮ লাখ ৮৫ হাজার। মাধ্যমিক উত্তীর্ণ বেকার ৭ লাখ ৪৯ হাজার এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ৪ লাখ ৭ হাজার। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন এমন বেকারের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার। আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন বেকার রয়েছেন ১ লাখ ৭৩ হাজার।

বিশেষজ্ঞদের মতে, উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতার সমন্বয় না থাকায় শিক্ষিত তরুণদের একটি বড় অংশ চাকরির বাজারে পিছিয়ে পড়ছেন। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে বাস্তব শ্রমবাজারের চাহিদার ব্যবধানও বেকারত্ব বাড়াচ্ছে।

গ্রামের তুলনায় শহরাঞ্চলে বেকারত্বের হার বেশি। বিবিএসের তথ্য অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। গ্রামাঞ্চলে এ হার ৩ দশমিক ৪ শতাংশ হলেও শহরে ৪ দশমিক ৪ শতাংশ।

যুব শ্রমশক্তির ক্ষেত্রে শহরাঞ্চলে বেকারত্বের হার ১১ দশমিক ৬ শতাংশ, বিপরীতে গ্রামাঞ্চলে ৭ দশমিক ১২ শতাংশ। শহরের যুব বেকারদের মধ্যে নারীর সংখ্যা বেশি। অন্যদিকে গ্রামাঞ্চলে বেকার পুরুষের সংখ্যা বেশি।

বিভাগভিত্তিক হিসাবে বেকারত্বের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে বেকারের সংখ্যা প্রায় ৭ লাখ। সবচেয়ে কম বেকার সিলেটে, ১ লাখ ১৪ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এরপর যথাক্রমে রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ।

যুব উন্নয়ন অধিদপ্তর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোসহ (বিএমইটি) বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় প্রশিক্ষণের সুযোগ সীমিত। প্রশিক্ষণের মান এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়েও রয়েছে প্রশ্ন।

বিবিএসের জরিপ অনুযায়ী, ২০২৩ সালের ১২ মাসে দেশের মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ পুরুষ এবং শূন্য দশমিক ১৮ শতাংশ নারী বৃত্তিমূলক প্রশিক্ষণ পেয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, সেই প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থানের বাস্তব সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি। অন্যথায় বিপুল তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগানো কঠিন হয়ে পড়বে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে ৮০ লাখের বেশি যুবক-যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে প্রশিক্ষণ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮০ জন।

সম্প্রতি চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে অংশ নেওয়া ১ হাজার ৬০০ শিক্ষার্থীর মধ্যে ৭২২ জন সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়েছেন। এ ছাড়া ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা ৬২ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় করেছেন।

প্রশিক্ষিত যুবকদের বিনা জামানতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ১১ লাখ ১৪ হাজার ৬৪৪ জনের মধ্যে ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে প্রায় ২৫ লাখ যুবক স্বাবলম্বী হয়েছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্যে ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি ও কেয়ারগিভার প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে চাকরি মেলার মাধ্যমে ৩ থেকে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কমপক্ষে ১০০ জনকে তাৎক্ষণিক চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমশক্তি বিদেশে পাঠাতে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। ভাষা প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে ৬৪ জেলায় প্রশিক্ষণ প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

সম্ভাবনাময় এই তরুণ জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করতে হলে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা জরুরি। শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ শেষে কাজের নিশ্চয়তা এবং নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করাই এখন বড় চ্যালেঞ্জ।

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।