ভারতের সঙ্গে স্বাক্ষরিত মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের পথ আরও এক ধাপ এগিয়ে গেল। চুক্তিটি কার্যকর করতে প্রয়োজনীয় একটি আইন পাস করেছে নিউজিল্যান্ডের পার্লামেন্ট। মঙ্গলবার আইনটি পাস হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নতুন আইনের আওতায় ভারতে রপ্তানি করা নিউজিল্যান্ডের পণ্যগুলোর প্রায় ৯৫ শতাংশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করবে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ডের বাজারে ভারতীয় পণ্য শতভাগ শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। চুক্তির আওতায় আগামী ১৫ বছরে ভারতের বাণিজ্য খাতে ২ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে নিউজিল্যান্ডের।
এর আগে গত ২৭ এপ্রিল নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক মুক্তবাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও নিউজিল্যান্ড। সেই চুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিলটি নিউজিল্যান্ডের পার্লামেন্টে উত্থাপন করা হয়।
ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দেন ৯৩ জন এমপি, বিপক্ষে ছিলেন ২৯ জন। বিরোধী দল লেবার পার্টির বেশ কয়েকজন সদস্যও বিলটির পক্ষে ভোট দেন।
নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তবে তার অনুপস্থিতিতে দেশটিতে রাষ্ট্রপ্রধানের প্রতিনিধিত্ব ও সাংবিধানিক দায়িত্ব পালন করেন গভর্নর জেনারেল। পার্লামেন্টে পাস হওয়া বিলটি এখন গভর্নর জেনারেলের কাছে পাঠানো হবে। তার স্বাক্ষরের পরই এটি আইনে পরিণত হবে।
বিল পাসের পর নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে সাংবাদিকদের বলেন, আইনটি কার্যকর হলে রপ্তানিকারকেরা দ্রুত এর সুবিধা পাবেন। তিনি আশা প্রকাশ করেন, গুরুত্বপূর্ণ এই বাণিজ্য চুক্তি চলতি বছরেই কার্যকর হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।