দক্ষিণ পূর্ব

৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০৬:০১ সকাল
পঠিত : ২৫
৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
Degchibarictg

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে তাঁদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ নম্বর ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

মিরপুর জোন ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুল হক বকশী জানান, পোশাকশ্রমিকেরা আজও সড়ক অবরোধ করেছেন। এতে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখতে ডাইভারশনের ব্যবস্থা করে কাজ করছে পুলিশ।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। ওই দিন দুপুরে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে সরে তাঁরা শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী এলাকার একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা ও একটি বিপণিবিতানে ভাঙচুর চালান।

পরে বেলা ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।