চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় মায়না আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃত মায়না আক্তার নগরের বন্দর এলাকার বাসিন্দা।
তিনি গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। ডেঙ্গু শক সিনড্রোমে (ডিএসএস) তার মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনি সেপসিস ও তীব্র কিডনি জটিলতায় ভুগছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে। সেখানে ভর্তি হয়েছেন ২৭ জন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১০ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৬২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২ হাজার ২৩০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৯১ জন চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট সাতজন।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ১৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪৩২ জন।
ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে মশার প্রজননস্থল ধ্বংস এবং জমে থাকা পানি পরিষ্কার রাখাসহ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
জেএফআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।