দক্ষিণ পূর্ব

মক্কার আকাশে হুথিদের ড্রোন, ধ্বংস করল সৌদি

saiful
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৩ রাত
পঠিত : ৩৩
মক্কার আকাশে হুথিদের ড্রোন, ধ্বংস করল সৌদি


ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপের অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে। তবে মক্কার কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনটি ধ্বংস করেছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি-ইয়েমেন সামরিক জোটের মুখপাত্র তুরকি আল মালকি এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার আকাশসীমায় একটি আক্রমণাত্মক ড্রোন শনাক্ত করা হয়। পরে সেটি ধ্বংস করা হয়।

তুরকি আল মালকি বলেন, কাবা, মসজিদে নববি এবং দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিরা সৌদি আরবের ‘রেড লাইন’। যেকোনো মূল্যে তাদের সুরক্ষা দেওয়া হবে।

সৌদি জোটের মুখপাত্র আরও বলেন, মক্কায় হামলার চেষ্টা এবারই প্রথম নয়। ২০১৭ সালের ২৭ জুলাই মক্কা লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুথিরা। সেটিও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দিয়ে ধ্বংস করা হয়েছিল বলে দাবি সৌদি জোটের।

তবে মক্কায় ড্রোন হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হুথি বাহিনী। মঙ্গলবার রাতে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সাবা নিউজ এজেন্সিতে প্রচারিত এক বিবৃতিতে হুথি হাইকমান্ড জানায়, মক্কায় হুথিদের হামলার খবর ‘ভুয়া ও অসত্য’। মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানে হামলার হুমকি দেওয়ার অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছে।

এর আগে ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে হুথিদের বিরুদ্ধে। এতে ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর। ২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদি আরবে পালিয়ে যান। তার সরকারকে পুনর্বহাল করতে ওই বছর ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় হুথিরা। প্রায় চার বছর তুলনামূলক স্থিতিশীল থাকার পর গত ১৩ জুলাই ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা বাড়তে শুরু করে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।