দক্ষিণ পূর্ব

শ্রমিকলীগ নেতার ইন্ধনে হালিশহর বিআরটিএ কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪ দুপুর
সর্বশেষ আপডেট : ২ দিন আগে
পঠিত : ৬৯
শ্রমিকলীগ নেতার ইন্ধনে হালিশহর বিআরটিএ কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

ছবি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের কয়েকজন নেতা বিশৃঙ্খলা করছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে হালিশহর বিআরটিএর উপপরিচালক তৌহিদ হোসেনের বিরুদ্ধে ওই মহলটি বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, একটি চক্র বিভিন্ন নামে ও বেনামে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয় এবং এর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে চিঠি দেওয়া ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। এসব কর্মকাণ্ডে তারা নিজেদের জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষ্টদের দাবি, তাদের অধিকাংশই আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. নাজিম উদ্দীন বলেন, অভিযুক্ত ব্যক্তিদের কেউই শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। বাইরে থেকে কেউ শ্রমিক দলের নাম ব্যবহার করলে এর দায়ভার সংগঠন নেবে না।

হালিশহর বিআরটিএর উপপরিচালক তৌহিদ হোসেন বলেন, ‘কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়কে জিম্মি করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এসব ব্যক্তি এতদিন শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর কিছুদিন চুপ থাকলেও এখন আবার খোলস পাল্টে নতুন রূপে এসে এখানে বিশৃঙ্খলা করছেন।’

এদিকে, কথিত শ্রমিক নেতারা সোমবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে আয়োজকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি বলে জানা গেছে।

একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে তারা সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আর / 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।