চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ববিরোধ মীমাংসার জন্য বসা বৈঠকে ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় রোহান উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিম উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজল নগর এলাকার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। গ্রেপ্তার রোহান একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ কাজীরখীল এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার রাতে কেরানীহাট সিটি সেন্টারে বৈঠক বসে। সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হামিমকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হামিমের সঙ্গে রোহানের আগে থেকেই বিরোধ ছিল।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে রোহানকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রোহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।